ঐশীর সেই 'বন্ধুরা' এখনো পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্না রহমান ও মাহফুজুর রহমান
স্বপ্না রহমান ও মাহফুজুর রহমান

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁদের মেয়ে ঐশী রহমানের স্বীকারোক্তি-মূলক জবানবন্দিতে উঠে আসা তার বন্ধুদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আদালত সূত্র জানায়, ঐশীর জবানবন্দিতে জনি ও রকি নামে দুই বন্ধুর নাম এসেছে। জবানবন্দি অনুযায়ী, মা-বাবাকে খুন

করার পর ঐশীকে আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছিল জনি। খুনের ঘটনার আগে এবং পরে রনি ও রকি নামে আরও দুই বন্ধুর সঙ্গে মুঠোফোনে ঐশী কথা বলেছে। বাসা থেকে বের হওয়ার পর ওই দুজনের সঙ্গে দেখাও করেছে সে।

ঐশীর জবানবন্দি অনুযায়ী, মেরুল বাড্ডার ৮ নম্বর সড়কে রকির কার্যালয় আছে। রকি রেন্ট-এ কারের ব্যবসায়ী। বয়স আনুমানিক ৪০ বছর। আর রনির বয়স ২৩-২৪ বছর। বিভিন্ন অনুষ্ঠানে নাচ করাই তাঁর পেশা।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেন, জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে ঐশী একাই জড়িত থাকার কথা বললেও, খুনের পর ঐশী যাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এদের গ্রেপ্তারের পরই জানা যাবে ঐশীর বক্তব্য ঠিক কি না। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদের প্রথম দিকে ঐশী এ ঘটনায় তার দুই বন্ধু জড়িত থাকার কথা বলেছে। পরে সে দাবি করে, তাদের কেউ খুনের ঘটনায় জড়িত নয়। খুনের পর সে তাদের সঙ্গে যোগাযোগ করে। ওই কর্মকর্তা বলেন, সবকিছু পরিষ্কার করতে এদের গ্রেপ্তার করা জরুরি।

১৭ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসা থেকে মাহফুজুর দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ওই দম্পতির মেয়ে ঐশী ও গৃহকর্মী খাদিজা খাতুন ওরফে সুমি নিখোঁজ ছিল। ১৮ আগস্ট ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে। গৃহকর্মী খাদিজা ও ঐশীর বন্ধু মিজানুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনায় মাহফুজুরের ভাই মশিহুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন। ওই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।

 রিমান্ড শেষে ঐশী ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর খাদিজা ও তাকে গাজীপুরে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, জবানবন্দিতে দেওয়া ঐশীর বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ। তবে তার বয়সসংক্রান্ত ও হাতের ছাপের প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে অগ্রগতি হবে। অপরদিকে মিজানুরকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।