ঐশীসহ চারজনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানসহ চারজনের বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল রোববার ডিবির পরিদর্শক আবু আল খায়ের মাতুব্বর অভিযোগপত্র দুটি দেন।
একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে ঐশী, তাঁর বন্ধু আসাদুজ্জামান ওরফে জনি ও মিজানুর রহমান ওরফে রনির বিরুদ্ধে। ঐশীদের গৃহকর্মী শিশু সুমি আকতারের বিরুদ্ধে শিশু আইনে অপর অভিযোগপত্রটি দেওয়া হয়। ঐশী কাশিমপুর কারাগারে এবং সুমি গাজীপুরের কিশোরী সংশোধন কেন্দ্রে আছে। বাকি দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
অভিযোগপত্রে বলা হয়, ঐশী একাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যার আগে তিনি মা-বাবাকে ৬০টি ঘুমের বড়িমিশ্রিত কফি খাইয়েছিলেন। রাসায়নিক পরীক্ষায় ঘুমের ওষুধের উপস্থিতির প্রমাণ মিলেছে। এ ছাড়া ঐশীর কাছে পাওয়া তাঁর মায়ের চুড়ির রক্তের সঙ্গে বাসা থেকে উদ্ধার করা ঐশীর কাপড়ে থাকা রক্তের মিল পাওয়া গেছে।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসা থেকে এসবির (রাজনৈতিক) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। দুই সন্তানকে (ঐশী ও তাঁর ছোট ভাই) নিয়ে সেখানে থাকতেন এই দম্পতি। লাশ উদ্ধারের পরদিন ঐশী গৃহকর্মী সুমীকে নিয়ে রমনা মডেল থানায় আত্মসমর্পণ করেন। পরে জনি ও রনিকে গ্রেপ্তার করে পুলিশ।
২৪ আগস্ট হত্যার কথা স্বীকার করে ঐশী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে’ মর্মে ৫ সেপ্টেম্বর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। গৃহকর্মী সুমিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অভিযোগপত্রে ৫৭ জনকে সাক্ষী করা হয়েছে।
ঐশীকেও প্রথমে কিশোরী উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছিল। পরে আদালতের নির্দেশে ঢাকা মেডিকেলে পরীক্ষা করে পুলিশ জানায়, তাঁর বয়স ১৯ বছরের কাছাকাছি। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।