ঐশীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমান, গৃহকর্মী খাদিজা খাতুন ওরফে সুমি এবং মেয়ের বন্ধু মিজানুর রহমান ওরফে রনিকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল্লাহ প্রধান আজ রোববার দুপুরের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই তিনজনকে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে তিনজনের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
গত শুক্রবার মাহফুজুর ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যার ঘটনায় পল্টন থানায় মাহফুজুর রহমানের ছোট ভাই মশিহুর রহমান অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। এই হত্যার ঘটনায় মাহফুজুর ও স্বপ্নার মেয়ে ঐশী রহমানের সম্পৃক্ততা পেয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ঐশী বলেছে, না জানিয়ে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করা এবং ইয়াবা সেবনের কারণে তাকে বাসায় আটকে রাখা হতো। মা-বাবার এই কড়াকড়ি শাসন তাকে ক্ষিপ্ত করে তোলে। এক পর্যায়ে সে বন্ধুদের নিয়ে মা-বাবাকে মেরে ফেলার পরিকল্পনা করে। খুনের আগে মা-বাবাকে কফির সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়।
আজ দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, বাবা-মায়ের প্রতি ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঐশী নিজেই তার বাবা-মাকে হত্যা করেছে। আটক বন্ধু রনি ও গৃহকর্মী সুমি তাকে সহায়তা করেছে। এই খুনের ঘটনায় ঐশীসহ সাতজনকে আটক করা হয়েছে। আরও দুজনকে খুঁজছে পুলিশ।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, গত বুধবার আনুমানিক রাত দুইটার দিকে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঐশী ছাড়াও হত্যাকাণ্ডে অন্যদের ভূমিকা যাচাই করা হচ্ছে। ঐশীসহ তিনজনকে আজ আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি পাওয়া গেছে। একটি বঁটি পাওয়া গেছে। বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ঐশী। এর মধ্যে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
মাহফুজুর এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন। চামেলীবাগে ‘চামেলী ম্যানশন’ নামের বাড়ির ছয়তলার একটি বাসায় তিনি স্ত্রী, মেয়ে ঐশী, ছেলে ঐহী রহমান (৮) ও গৃহকর্মীকে নিয়ে থাকতেন। মেয়ে ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী। ছেলে রাজারবাগ পুলিশ লাইন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
গত শুক্রবার রাতে চামেলীবাগের বাসার দরজা ভেঙে বাথরুম থেকে মাহফুজ ও তাঁর স্ত্রী স্বপ্নার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ঐশী ও গৃহকর্মী সুমি নিখোঁজ ছিল। ওই সময় পুলিশ কর্মকর্তা ও নিহত দম্পতির স্বজনেরা জানান, মাহফুজুর এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন। বুধবার রাত ১১টা পর্যন্ত দায়িত্ব শেষ করে তিনি বাসায় ফেরেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ ছিল না। বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ঐশীরা বাসা থেকে বের হয়ে যায়। ওই দিন রাতে উত্তরার বাসিন্দা খালু ইফতেখারুলকে মায়ের মুঠোফোন থেকে ফোন করে ঐশী জানায়, তার বাবা-মা রাজশাহীতে। তাদের ভয় লাগছে বলে কাকরাইলে আছে। ঐশী ইফতেখারুলের বাসার ঠিকানা জানতে চেয়ে সেখানে যাওয়ার কথা বলে। সন্দেহ হওয়ায় ইফতেখারুল তাঁর ভাই রবিউলকে মাহফুজের বাসায় পাঠান। রবিউল গিয়ে দেখেন, বাসার দরজা ভেতর থেকে বন্ধ। তখন রবিউল ঐশীকে ফোন করলে একেক সময় একেক কথা বলতে থাকে সে। পরে কাকরাইল থেকে রিকশায় করে ঐহীকে বাসায় পাঠিয়ে দেয় ঐশী। ঐহী আসার পর রবিউল ও রায়হান নামের মাহফুজুরের আরেক আত্মীয় মাহফুজের কর্মস্থল এসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।