
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের একমাত্র মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক গতকাল মঙ্গলবার এ অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। অন্য যে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন ঐশীর বন্ধু মিজানুর রহমান ওরফে রনি ও আসাদুজ্জামান ওরফে জনি। আগামী ৫ জুন এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
এ ছাড়া এ মামলায় শিশু আইনে ঐশীদের গৃহকর্মী সুমির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র নিষ্পত্তির জন্য ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২০ মে দিন ধার্য করা হয়েছে।
অভিযোগ গঠনের আগে ঐশীকে অব্যাহতি দেওয়ার আরজি জানিয়ে গতকাল তাঁর আইনজীবীরা আদালতে বলেন, এ মামলায় ঐশীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। সঠিকভাবে তদন্ত করা হলে আসামি হিসেবে তাঁর নাম আসত না।
অব্যাহতির বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহ আলম তালুকদার ও তাপস কুমার পাল আদালতে বলেন, এ মামলায় ঐশীসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপাদান রয়েছে। তাই তাঁদের অব্যাহতি দেওয়ার সুযোগ নেই।
শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসা থেকে মাহফুজ-স্বপ্না দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ আগস্ট ঐশী গৃহকর্মী সুমিকে নিয়ে পল্টন মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট ঐশী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে’ মর্মে উল্লেখ করে ৫ সেপ্টেম্বর তিনি তা প্রত্যাহারের আবেদন করেন। চলতি বছরের ৯ মার্চ ঐশীসহ চারজনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর একটিতে ঐশী, রনি ও জনির বিরুদ্ধে হত্যার অভিযোগে এবং সুমির বিরুদ্ধে শিশু আইনে অভিযোগপত্র দেওয়া হয়। ঐশী গাজীপুরের কাশিমপুর কারাগারে এবং সুমি গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে রয়েছে। অন্য দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।