ঐশীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁদের একমাত্র ময়ে ঐশীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ জহরুল হক অভিযোগ গঠন করে আগামী ৫ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
অভিযুক্ত অন্য দুজন হলেন ঐশীর বন্ধু মিজানুর রহমান ওরফে রনি ও আসাদুজ্জামান ওরফে জনি।
এ ছাড়া শিশু আইনে গৃহকর্মী সুমির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রটি নিষ্পত্তির জন্য ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। ২০ মে অভিযোগ গঠনবিষয়ক শুনানির তারিখ ধার্য রাখা হয়েছে।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে এই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী গৃহকর্মী সুমিকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করে। ওই বছরের ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেয়।
পরবর্তী সময়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল উল্লেখ করে ৫ সেপ্টেম্বর ওই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেন তার আইনজীবীরা।
গত ৯ মার্চ ঐশী রহমানসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আসামি ঐশী গাজীপুরের কাশিমপুর কারাগারে এবং সুমি গাজীপুরের কিশোরী সংশোধন কেন্দ্রে রয়েছে। অন্য দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।