ঐশীসহ তিনজনের বিরুদ্ধে নতুন করে বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাজেদুর রহমান এই অভিযোগ গঠন করেন।
আদালত ৪ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। আবার অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলায় নতুন করে বিচার শুরু হলো। কারাগারে আটক ঐশী, তাঁর দুই বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনিকে গতকাল আদালতে হাজির করা হয়। তাঁরা তিনজনই আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহবুবুল আলম জানান, মামলাটির দ্রুত বিচার নিষ্পত্তির জন্য পাঠানো হয়। আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করেন। সাক্ষীদের প্রতি নতুন করে সমন জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, গত ৬ মে এ মামলায় ঐশীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মহানগর দায়রা জজ আদালত। ৫৭ সাক্ষীর মধ্যে বাদীসহ ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণের একপর্যায়ে বিচারক মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন।
তদন্ত শেষে পুলিশ ১৮ সেপ্টেম্বর সম্পূরক অভিযোগপত্র দেয়। আগের অভিযোগপত্রে ঐশীসহ চারজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হাকিম এবং সুরতহাল প্রতিবেদনে উল্লেখিত দুজনসহ সাতজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাদ দেওয়া হয়েছিল। সম্পূরক অভিযোগপত্রে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়। ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
ঐশীদের গৃহকর্মী খাদিজা আক্তার সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে আলাদা অভিযোগপত্র দেওয়া হয়। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সুমির বিরুদ্ধে মামলার বিচার চলছে।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন মাহফুজুরের ছোট ভাই মশিউর রহমান।