ঐশ্বর্যের আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কখনো হাসি, আবার কিছুক্ষণ পরেই রাগ, না হয় অভিমান। এভাবেই দিন কাটছে ঐশ্বর্যর।ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন
কখনো হাসি, আবার কিছুক্ষণ পরেই রাগ, না হয় অভিমান। এভাবেই দিন কাটছে ঐশ্বর্যর।ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন

‘ডাস্টবিনের পাশে ময়লা-আবর্জনার স্তূপের মধ্যে খবরের কাগজ দিয়ে মোড়ানো একটি শিশু। বেঁচে আছে। তার সারা শরীরে ময়লা, দগদগে ঘা। প্রস্রাব-পায়খানা দিয়ে শরীর মাখামাখি। চারপাশে মানুষজন ভিড় করে দেখছেন। দেখার পর সবাই চলেও যাচ্ছেন। আমিও কিছু দূর চলে গেলাম। কাছেই লোকজন দাম দিয়ে পশুপাখি, কুকুর বেড়াল কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। অথচ শিশুটির দিকে কেউ হাত বাড়াচ্ছেন না। আর যেতে পারলাম না।’
ঐশ্বর্যকে উদ্ধার করে নিয়ে আসার ঘটনার এমনই বর্ণনা দিলেন শওকত আরা মিলকী। এলিফ্যান্ট রোডের একটি ডাস্টবিনের পাশে পড়ে থাকা সেই মৃতপ্রায় শিশুটি ঐশ্বর্য। এলিফ্যান্ট রোডে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে কোলে তুলে নিয়েছিলেন। তিনিই এখন ঐশ্বর্যের মা।
ঘটনাটি ঘটে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি। আজ বুধবার পাঁচ বছর পূর্ণ হলো। শওকত আরার ভাষ্য, উদ্ধার করার সময় ঐশ্বর্য ছিল একেবারে এইটুকুন। শরীরে হাড় ছাড়া কিছু ছিল না। চুলহীন অস্বাভাবিক বড় মাথা। বেঢপ ফোলা পেট। এত কুৎসিত চেহারা যে দেখলে ভয় লাগত। সেই মেয়েটিরই এখন মাথায় ঝাঁকড়া চুল। বড় বড় চোখ।
শওকত আরা বলেন, ‘ওকে যখন কোলে তুলে নিই, তখন শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। বাঁচবে বলে মনে হয়নি। তারপর থানা-পুলিশ হয়ে হাসপাতালে দৌড়াতে হয়। ইংল্যান্ড থেকে ওষুধ এনে খাওয়াই, যদি স্বাস্থ্যটা একটু ভালো হয়। ভয় ছিল—বাঁচলেও হয়তো বিকলাঙ্গ হবে। তবে এখন আমার মেয়েকে দেখলে কেউ চিনতেই পারবে না।’
ঐশ্বর্যকে নিতে চাইলেই তো আর হবে না। পুলিশ এসে জানাল নেওয়া চলবে না। এ কথা শুনে শওকত আরা ফিরে যেতে চান। তখন সেই পুলিশই আবার পেছন থেকে ডাকেন। বলেন, আপনি নিলে তবু তো ও বাঁচবে। তারপর শওকত আরা থানায় মুচলেকা দিলেন। পরের দিন প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে এই শিশুকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়। সেখানে শওকত আরা ও ফজলুল বাসেত খান মিলকী দম্পতি তাঁদের টেলিফোন নম্বর দিয়ে দেন। প্রকৃত বাবা-মা পরিচয় দিয়ে শিশুটিকে নিয়ে যেতে বলেন। তবে প্রকৃত বাবা-মায়ের খোঁজ আর মেলেনি। সেই থেকে শিশুটির ঠাঁই হলো রাজধানীর বকশীবাজারে এই দম্পতির ঘরে।

মায়ের সঙ্গে ঐশ্বর্য।ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন
মায়ের সঙ্গে ঐশ্বর্য।ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন


ফজলুল বাসেত বলেন, ‘আমার এক আত্মীয়া মেয়েকে দেখতে এলেন। নাকে কাপড় দিয়ে দেখলেন। মনে হচ্ছিল, সেই আত্মীয়া ডাস্টবিনের গন্ধ পাচ্ছেন। কেউ কেউ এখনো মেয়েকে কাছে যেতে দেন না। অনেকে বলে ঐশ্বর্য না অসহ্য। তবে আমার মনে হয় ও দেবশিশু!’
ঐশ্বর্য ঘরে আসার মাস ছয়েকের মধ্যে ফজলুল বাসেত দম্পতির কলেজপড়ুয়া মেয়ে আমেরিকার ডিবি লটারি পায়। ছেলে বাংলাদেশেই উচ্চ মাধ্যমিকের ছাত্র। এখন ঐশ্বর্যসহ সবার যুক্তরাষ্ট্র যাওয়ার চেষ্টা চলছে।
২ নভেম্বর বকশীবাজারের বাড়িটিতে গিয়ে দেখা যায়, সেখানে শুধুই ঐশ্বর্যের রাজত্ব। বাবার চোখে মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন। বাবা বলেন, ‘আমেরিকায় চলে যেতে পারলে আমার মেয়ে বড় হয়ে একদিন সে দেশের প্রেসিডেন্ট হবে। ডাস্টবিনের শিশু হিসেবে আমার মেয়েই প্রথম নোবেল পুরস্কার পাবে।’
প্রিন্টিং ব্যবসায়ী ফজলুল বাসেত বলেন, ‘সবার কাছ থেকে আমার মেয়ের জন্য আদর চাই। ও বড় হয়ে যখন নিজের পরিচয় জানবে, তখন যেন দুঃখ না পায়। সে যেন ভাবতে পারে তার পাশে আমরা সবাই আছি।’