ও আলোর পথযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজানপথের যাত্রী জালালউদ্দিনের (ডানে) কথা শুনছেন লেখক বিশ্বজিৎ ঘোষ। ছবি: শহিদুল ইসলাম
উজানপথের যাত্রী জালালউদ্দিনের (ডানে) কথা শুনছেন লেখক বিশ্বজিৎ ঘোষ। ছবি: শহিদুল ইসলাম

২০০৮ সালের ১১ অক্টোবর দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘আলোর ফেরিওয়ালা’ লেখাটা পাঠ করার পর থেকেই রাজশাহীর আলোকিত মানুষ জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা জাগে মনে। দীর্ঘ প্রতীক্ষার পর সুযোগটা এল ২০১৩ সালের ১৯ অক্টোবর। ইতিমধ্যে কেটে গেছে আরও পাঁচ বছর—বেড়ে গেছে আলো বিচ্ছুরণে জামাল উদ্দিনের কাজের পরিধি।

১৯ অক্টোবর সোনাঝরা সকালে বাসযোগে রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করি। অন্য সময়ে যাত্রাপথে নানান ভাবনা মনে জাগে, নানান কথার জাল বুনি। আজ কিন্তু কেবলি জালাল উদ্দিনের কথা। অনেক সুযোগ থাকা সত্ত্বেও একটা মানুষ নিজের জন্য কিছুই করলেন না—দলিত-বঞ্চিত-অবহেলিত মানুষদের আলোকিত করার জন্য উজাড় করে দিয়েছেন নিজেকে। বর্তমান সময়ে জালাল উদ্দিন তো উজানপথের যাত্রী। এমন মানুষের সঙ্গে দেখা হবে, কথা হবে—এসব কথা ভাবতে ভাবতেই ঠিক ১২টায় গিয়ে পৌঁছালাম রাজশাহী শহরে। বাসস্ট্যান্ড থেকে পাঁচ মিনিটেই পৌঁছে গেলাম জালাল উদ্দিনের ডেরায়।

আগেই যেমনটা ভেবেছিলাম, জালাল উদ্দিনকে তেমনটাই দেখতে পেলাম। পুরোনো একটা শার্ট, রং জ্বলে গেছে—পুরোনো প্যান্ট, কখনো সে প্যান্টে ইস্ত্রি পড়েছে বলে মনে হলো না। আগে থাকতেন মেসে, এখন বড় বোনের বাড়ির একটা কক্ষে তাঁর আশ্রয়। সে কক্ষে ঢুকতে রীতিমতো কসরত করতে হয়। একটা খাট স্থায়ীভাবে পাতা আছে, আছে পুরোনো কাঁথা-বালিশ; আছে মশারিও একটা, সেটা কখনো ধোয়া হয়েছে বলে মনে হয় না। চারদিকে শুধু বই আর পত্রিকা—বসার কোনো ব্যবস্থা নেই। পাশের একটা ঘরে বসে শুরু করলাম জালাল উদ্দিনের সঙ্গে কথা বলা—গল্পে গল্পে জমে উঠল রোদজ্বলা একটা সোনালি বিকেল।

সিরাজগঞ্জের শাহজাদপুরে নানার বাড়িতে জন্ম জালাল উদ্দিনের ১৯৫১ সালে। এই শাহজাদপুরেই আছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। মা-বাবা দুজনই ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক। শৈশবেই বাবার কাছে শুনেছেন কুঠিবাড়ির কথা, মানবকল্যাণকামী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। শিক্ষকতা আর জনকল্যাণের বাসনা শৈশব-কৈশোরেই তাঁর চিত্তে বাসা বেঁধেছিল। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে জালাল উদ্দিন সবার ছোট। ভাইবোনেরা সবাই উচ্চশিক্ষিত, কেউ আইনজীবী, কেউ জজকোর্টের পেশকার, কেউবা সরকারি কলেজ বা সরকারি স্কুলের শিক্ষক। জালাল উদ্দিনের পৈতৃক নিবাস রাজশাহী শহরের রানী বাজার এলাকায়। জালাল উদ্দিন পড়ালেখা করেছেন রাজশাহী সরকারি স্কুলে, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

জালাল উদ্দিনের সঙ্গে যখন এসব কথা হচ্ছিল, তখন আমাদের সামনে এসে দাঁড়ালেন তাঁর বড় বোন মেহেরী তাজ। এবার আর জালাল উদ্দিনকে কথা বলতে হলো না—বোনই ভাইয়ের হয়ে কথা বলতে আরম্ভ করলেন। জালাল উদ্দিন শৈশব থেকেই ছিলেন মেধাবী ছাত্র। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সব সময় ভালো ফল করেছেন। দুটো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জালাল উদ্দিন। ১৯৭২ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ১৯৭৫ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয়েও তিনি অভিন্ন ডিগ্রি লাভ করেন।

জালাল উদ্দিন একাদশ শ্রেণীতে ভর্তি হন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। এ সময় তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হন—ক্রমে ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সহসভাপতি ছিলেন জালাল উদ্দিন। এ সময় অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর সঙ্গে তাঁর যোগাযোগ ঘটে। ১৯৬৮ সালে জালাল উদ্দিন ভর্তি হন রাজশাহী কলেজে, মনোবিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান কোর্সে। ছাত্ররাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কথা জেনে কলেজের তৎকালীন অধ্যক্ষ আবদুল হাই তাঁকে ছাত্ররাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলেন—তাঁকে এই মর্মে বন্ড দিতে বলেন যে তিনি আর রাজনীতি করবেন না। কিন্তু জালাল উদ্দিন বন্ড দেননি এবং রাজশাহী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচন করে জয়লাভ করেন। এ সময় তিনি রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বিপ্লবী ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থাতেও রাজনীতির সঙ্গে জালাল উদ্দিনের সংশ্লিষ্টতা অব্যাহত থাকে। উত্তরকালে রাজনীতির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার পরিচয় পেলে আমাদের বিস্মিত হতে হয়। বিস্মিত হই এই জন্য যে কোথায় ছিলেন তিনি, কোথায় থাকতে পারতেন আমাদের এই জালাল উদ্দিন, আর আজ তিনি নিজেকে নিয়ে গেছেন কোথায়!

মুক্তিযুদ্ধ-উত্তরকালে জালাল উদ্দিন জাতীয় রাজনীতির সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করেন। এ সময় নবগঠিত ইউনাইটেড পিপলস পার্টির রাজশাহী জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হন তিনি। কাজী জাফর আহমদ, রাশেদ খান মেনন, আতিকুর রহমান সালু, ক্যাপ্টেন হালিম চৌধুরী প্রমুখ নেতার অনুপ্রেরণায় জালাল উদ্দিন রাজনীতিতে নিজেকে নিবেদিত করেন। ১৯৭৭ সালে সেনাবাহিনীর শিক্ষা কোরে চাকরি পেয়েছিলেন জালাল উদ্দিন। কিন্তু রাজনীতি আর সমাজসেবার বাসনা যাঁর ধমনিতে, তাঁকে চাকরি আটকে রাখে কীভাবে। তাই তিনি চাকরিতে যোগ দেননি। ইউনাইটেড পিপলস পার্টির সভাপতি কারাগারে গেলে কিছুদিন তিনি দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। এ সময় তিনি মাসিক পাঁচ হাজার টাকা মাসোহারা পেতেন। কিন্তু রাজনীতিও তাঁকে শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি—তিনি সমাজসেবায় উৎসর্গ করলেন নিজেকে।

সমাজসেবক হিসেবে জালাল উদ্দিনের অবদান জানার আগে তাঁর আর একটা পরিচয় আমরা জেনে নিতে পারি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রথমে উত্তরবঙ্গের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার ক্ষেত্রে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরে মেজর আজম চৌধুরীর মাধ্যমে যোগ দেন ৯ নম্বর সেক্টরে। তাঁর সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে একাধিক সম্মুখযুদ্ধে জালালউদ্দিন অংশগ্রহণ করেন। জালাল উদ্দিন প্রশিক্ষণের জন্য ভারত যাননি, বরং দেশের মধ্যেই যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে মেজর আজম চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জালাল উদ্দিনের এসব কথা শুনছিলাম, এমন সময় চা-বিস্কুট-কলা এল। চা খেতে খেতেই জালাল উদ্দিনের মূল কথায় এবার আমরা ডুবে গেলাম। সেনাবাহিনীর চাকরি গ্রহণ করলেন না, রাজনীতির অন্তঃকলহ আর তাত্ত্বিক বিতর্কও রাজনীতিতে তাঁকে আর আটকে রাখতে পারছে না। কী করবেন এখন জালাল উদ্দিন? শুরু হলো তাঁর যুদ্ধ—সূর্য হয়ে জ্বলে ওঠার যুদ্ধ, শিক্ষাবঞ্চিত মানুষদের শিক্ষিত করে তোলার যুদ্ধ। প্রথমে তিনি বেছে নিলেন অজপাড়াগাঁ—পবা উপজেলার দুর্গম অঞ্চলকে। ক্রমে তিনি নানা গ্রামে গেছেন, শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন নানান গ্রামে।

জালাল উদ্দিন তাঁর কাজ শুরু করেছিলেন প্রায় তিন যুগ আগে রাজশাহী শহরের মিয়াপুর অঞ্চলের কিছু ছাত্রীকে নিয়ে। বেশ কয়েকবার পরীক্ষা দিয়েও কয়েকজন মেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। শাহানা, বিউটি, পারভীন, রোকেয়া, সালমা, বীথি—এদের পাস করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন জালাল উদ্দিন। আর এমনি আশ্চর্য, জালাল উদ্দিনের হাতের ছোঁয়ায় সবাই ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলো। এর ফলে বেড়ে গেল জালাল উদ্দিনের উৎসাহ।

এবার জালাল উদ্দিনের কর্মক্ষেত্র পবা উপজেলার বড়বাড়িয়া গ্রাম। তিনি খবর পেলেন বড়বাড়িয়া গ্রামের কয়েকজন যুবক পরীক্ষা দিতে দিতে হতাশ হয়ে পড়েছে, কিছুতেই পরীক্ষায় পাস করতে পারছে না। এমনকি ওদের নিবন্ধনও বাতিল হয়ে গেছে। জালাল উদ্দিন শিক্ষা বোর্ডে গিয়ে ওদের আবার নিবন্ধিত করলেন এবং নিজ কাঁধে নিলেন তাদের পড়ালেখার ভার। সকালে রাজশাহী শহর থেকে সাইকেলে করে চলে যান তিনি পবায়—এ বাড়ি থেকে সে বাড়িতে গিয়ে তিনি পড়ান তাঁর প্রিয় শিক্ষার্থীকে। মনে রাখা ভালো, এ কাজের জন্য জালাল উদ্দিন কারও কাছ থেকে সামান্য অর্থও গ্রহণ করেন না, বরং প্রয়োজনে শিক্ষার্থীকে অর্থ দিয়ে সাহায্য করেন, কিনে দেন বই-খাতা-কলম-পেনসিল।

বড়বাড়িয়া গ্রামের সবাই তাঁকে চেনে জালাল মাস্টার নামে, ছোটদের কাছে মাস্টারসাব। আমাদের জালাল মাস্টারের কাজ এখন আর ফেল করা শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। বড়বাড়িয়া আর বড়বাড়িয়ার আশপাশের দশ গ্রামে চলছে তাঁর অভিযান। ছোট ছোট ছেলেমেয়ে, যারা নানা কারণে স্কুলে যেতে পারে না, জালাল উদ্দিন এবার লেগে গেলেন তাদের মাঝে শিক্ষা বিস্তারের কাজে। প্রথম শ্রেণী থেকে বিএ ক্লাস—সব ধরনের ছাত্র আছে জালাল উদ্দিনের। সেই যে সকালে গেছেন বড়বাড়িয়ায়। এখনো আছেন তিনি সেখানে। দুপুর গড়িয়ে গেছে। কোনো বাড়ি থেকে হয়তো জালাল উদ্দিনকে খেতে দেওয়া হলো। পরম আত্মীয়ের মতো তিনি করলেন মধ্যাহ্নভোজন। কোনো দিন বা তাঁকে না খেয়ে সারাটা দিন কাটাতে হয়। তবু তাঁর পড়ানোর কাজে কোনো ব্যত্যয় নেই। একবার এক ছাত্রী বলল, মাস্টারসাব, আপনি রোকেয়াদের বাড়িতে দুপুরে পড়াতে যাবেন না। কেননা, ওরা এত গরিব যে দুপুরে কিছু খায় না, রাতে একবার খায়। আপনি দুপুরে পড়াতে গেলে ওরা ভাবনায় পড়ে যায়। কখনো এমন হয়েছে, কোনো এক অভিভাবক বলছেন, পড়াতে চান ভালো কথা। কিন্তু আমার ছেলে বা মেয়ে যদি এর পরও ফেল করে তাহলে আপনার কিন্তু বিপদ হবে। জালাল উদ্দিন সাহস করেই বলেছেন—আচ্ছা, দেখাই যাক না। শেষ পর্যন্ত দেখা গেল ওই শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আহা! জালাল উদ্দিনের আনন্দ তখন দেখে কে?

জালাল উদ্দিন সব বিষয়েই পড়াতে সক্ষম। তবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তিনি জোর দেন গণিত ও ইংরেজির ওপর। মেয়েদের শিক্ষার ওপরও তাঁর জোরটা বেশি। কেননা, জালাল উদ্দিন বিশ্বাস করেন, মা শিক্ষিত হলেই জাতি শিক্ষিত হবে। মেয়েদের শিক্ষা দিতে গিয়ে জালাল উদ্দিনকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। গ্রামের প্রাচীনপন্থী অনেকেই নারী শিক্ষার বিরুদ্ধে। বহু কষ্টে তাঁদের বুঝিয়ে মেয়েদের পড়াতে হয় জালাল উদ্দিনকে।

জালাল উদ্দিন শিক্ষার্থীদের একেকটা দলকে গ্রুপ বলে থাকেন। তাঁর সর্বশেষ গ্রুপ রাজশাহীর পঞ্চবটী শ্মশানঘাট এলাকায়। শ্মশানঘাটের ৪০ জন ছেলেমেয়ে নিয়ে এই নতুন গ্রুপে আছে ৩০ জন মেয়ে, ১০ জন ছেলে। এরা সবাই ডোম পরিবারের সন্তান। এতকাল এরা অক্ষরজ্ঞানহীন ছিল। জালাল মাস্টার এদের শিক্ষিত করে তুলছেন। এখানে ভয়াবহ এক অভিজ্ঞতার কথা জানালেন জালাল উদ্দিন। একটা ছেলে প্রথম কয়েক দিন তাঁর পাঠ নিলেও, পরে আর তাকে দেখতে না পেয়ে খোঁজ নিলেন জালাল উদ্দিন। জানা গেল, তাকে পড়তে দেওয়া হবে না। তার অপরাধ, চিতার আধা পোড়া কাঠ সংগ্রহ করে তারা ভাত রাঁধে। বহু কষ্টে সংস্করাচ্ছন্ন মানুষদের বুঝিয়ে আনায় তাকে গ্রুপভুক্ত করেন জালাল উদ্দিন। ভাবা যায়, কী যুদ্ধটাই না করতে হয় আমাদের এই জালাল মাস্টারকে।

এবার জালাল উদ্দিন আর মাস্টার নন, গানের শিক্ষক। গ্রামের ছোট ছেলেমেয়েদের তিনি গান শেখান—তাঁর গান একটাই ‘ও আমার দেশের মাটি...’। ছোট ছেলেমেয়েদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য জালাল উদ্দিন এই গানটা যত্ন নিয়ে শেখান সবাইকে। হতাশা দূর করতে জালাল মাস্টারের এই গান কাজে লাগে—গ্রামের যুবকেরাও তাঁর কাজের বিস্তার করে সহযোগের হাত।

জালাল মাস্টারের এসব কাজের খবর পেয়ে একবার ব্র্যাকের নির্বাহী পরিচালক ফজলে হাসান আবেদ তাঁকে ব্র্যাকে সহকারী পরিচালকের চাকরি দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু আমাদের জালাল মাস্টার ব্র্যাকের চাকরি দিয়ে কী করবেন? তিনি বরং বললেন, আমি মিয়াপুরে একটা পাঠাগার স্থাপন করতে চাই, পারেন তো বই দিয়ে সাহায্য করুন। ২০১১ সালে জালাল মাস্টার পবার মিয়াপুরে স্থাপন করেন ‘ইন্দিরা গান্ধী স্মৃতি পাঠাগার’। পাঠাগারের সম্পাদক হিসেবে এখন দায়িত্ব পালন করছেন তারই অনুসারী মো. আসফারুজ্জামান। জালাল উদ্দিনকে জিজ্ঞাসা করলাম, ইন্দিরা গান্ধীর নামে পাঠাগার করলেন কেন? বললেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর এত অবদান, অথচ তাঁর নামে কোনো প্রতিষ্ঠান নেই, তাই আমি তাঁর নামেই পাঠাগারের নাম রেখেছি। গ্রামীণ এই পাঠাগারে এখন নিয়মিত পড়ালেখা চলে। দুই মাস পর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সময় ইতিমধ্যে অনেকটা গড়িয়ে গেছে। অপরাহ্নের শেষ রশ্মি জালাল উদ্দিনের মুখে এসে পড়েছে। মুখটা আরও উজ্জ্বল হলো জালাল উদ্দিনের। জিজ্ঞাসা করলাম—এত দিন কাজ করলেন, এখন কি মনে হয়—কী পেলেন জীবনে? গুনগুনিয়ে গেয়ে উঠলেন গানের একটা কলি—‘কী পাইনি তার হিসাব মিলাতে মন মোর নহে রাজি’। তারপর বললেন, আমি যে গান জানি, একটু শুনে যান। তাঁর হারমোনিয়ামটা আনা হলো। গেয়ে উঠলেন তিনি শৈশবে মায়ের মুখে শোনা রবীন্দ্রনাথের এই গান: ‘আজ জীবনের আলোতে-বাতাসে বাঁশরী উঠিছে বাজি।’ শেষ হলো না গান। জালাল উদ্দিন বললেন, আপনি ঢাকা থেকে এসেছেন কথা বলতে। কথা বললাম—আজ আর নয়। কারণ, এক্ষুনি এক রোগীকে নিয়ে আমাকে যেতে হবে হাসপাতালে। আমি ছাড়া হাসপাতালে নেওয়ার মতো ওদের কেউ নেই। তাকিয়ে থাকলাম জালাল উদ্দিনের মুখের দিকে—একি আলোকিত মানুষের সামনে আজ আমি! বেরিয়ে এলাম জালাল উদ্দিনের ডেরা থেকে আর তখনো আমার কানে বাজতে থাকল জালাল উদ্দিনের কণ্ঠস্বর, ‘আজ জীবনের আলোতে বাতাসে বাঁশরী উঠিছে বাজি...।’

বিশ্বজিৎ ঘোষ: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়