ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের (ইএসএস) ‘ও লেভেল’ এবং ‘এ লেভেল’ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে এই সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ইএসএসের পরিচালক এ বি এম আবদুল্লাহ। তিনি বলেন, বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা। দেশেও তাঁদের একটি অংশ জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের সনদ দেওয়ার পাশাপাশি আদর্শের পথ দেখায়। কর্মজীবনে সফল হতে তাঁদের সহায়তা করে ইএসএস।
ইএসএসের অধ্যক্ষ মোর্শেদুল ইসলাম বলেন, জীবনে বড় হতে হলে নিজের স্বপ্নটাকে বড় করতে হবে। সৎভাবে চলতে হবে। এতেই সফলতা আসবে। বক্তব্য দেন শিক্ষক নাজিবুল আহসানও।
ইএসএসের শিক্ষক আফসানা ফেরদৌস ও দারাকশা জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী স্মৃতিচারণা করেন। পরে ও লেভেলের ৫৩ জন এবং এ লেভেলের ৩১ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন ইএসএসের পরিচালক নূরুল ইসলাম ও জ্যেষ্ঠ উপাধ্যক্ষ মাহে-নূহ-আহাদ।
অনুষ্ঠানে ইএসএসের ক্যাম্পাস-১-এর উপাধ্যক্ষ শামীমা সুলতানা, ক্যাম্পাস-৩-এর উপাধ্যক্ষ নাঈমা সুলতানা, পুরান ঢাকার ওয়ারী ক্যাম্পাসের উপাধ্যক্ষ কিশোওয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুর ১২টায় প্রামাণ্যচিত্র ‘ডিইএ জার্নি’ প্রদর্শন করে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। মধ্যাহ্নভোজের পর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।