ও এবং এ লেভেল পরীক্ষার্থীদের নিরাপত্তা দেবে ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএমপির সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ। ছবি: ডিএমপি
ডিএমপির সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ। ছবি: ডিএমপি

ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, যেসব পরীক্ষার্থী আতঙ্কিত তাঁরা স্থানীয় থানায় যোগাযোগ করে পুলিশের সহযোগিতা নিতে পারেন। পুলিশ প্রত্যেক পরীক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করবে।আজ বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচিতে পরীক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আশা করি যাঁরা এ ধরনের কাজ করছেন, পরীক্ষার্থীদের ভবিষ্যত্ নিয়ে তাঁদের বিবেকের তাড়না রয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে কী জবাব দেব। রাজধানীর আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যারা আতঙ্কিত তাঁদের এবং কেন্দ্রে পুলিশ নিরাপত্তা দেবে।’

বিএনপির নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপির কমিশনার বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, এই শহরে দুই কোটি মানুষ বসবাস করে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে মাত্র কিছুসংখ্যক অপরাধী। যদি আমরা সংগঠিত হই তাহলে নাশকতাকারীদের প্রতিরোধ করা সম্ভব। এ পর্যন্ত এক হাজার ২০০ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই হাজার সন্ত্রাসী জেলে রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, ইব্রাহীম ফাতেমী, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেন, ইমাম হোসেন, মো. মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।