
আমি বিস্মিত হয়ে দেখছিলাম আমার ডান পাশে কেউ একজন একটার পর একটা গুলি করে চলেছেন। প্রথমে আমি তাঁকে চিনতে পারিনি। কারণ, তাঁর মাথায় হেলমেট ছিল। পাশে আমার বডিগার্ডকে জিজ্ঞেস করতে সে বলল, ‘স্যার, উনি ওসি, বনানী।’

মো. সালাহ্উদ্দিন খান ঠিক সময়ই এসে পৌঁছেছিলেন হলি আর্টিজান বেকারিতে। কারণ, সন্ত্রাসীদের আটকে রাখতে, তাদের ভীত করে তুলতে এবং আটক জিম্মিদের উদ্ধার করতে তখন সত্যি আমাদের গুলি করা প্রয়োজন ছিল। কিছুক্ষণ আগেই ওরা আমাদের কয়েকজন সহকর্মীকে গুলি করে আর গ্রেনেড ছুড়ে (গ্রেনেড নিক্ষেপের বিষয়টি পরে বুঝতে পেরেছিলাম) আহত করেছিল। আহত হওয়ার পরও সাব-ইন্সপেক্টর ফারুখ ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছিলেন এবং ওয়াকিটকি সেটে সাহায্য চাচ্ছিল। ওই সময় আমি ওয়্যারলেস সেটে গুলশান বিভাগের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর টহল দলসহ নিকটতম ফোর্সকে হলি আর্টিজান বেকারিতে আসতে বলি। ওই ডাকে সাড়া দিয়ে বনানী থানার ওসি সালাহ্উদ্দিন খান উপস্থিত হন। আর কমিশনার স্যারকে বলেছিলাম ফোর্স পাঠানোর জন্য। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে এসেছিলেন ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল করিম।
হলি আর্টিজান বেকারির মূল গেটের পাশে অবস্থান নেওয়ার পর আমরা একটা বিষয়ে খুব সতর্ক ছিলাম। তা হলো, সন্ত্রাসীরা যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। পেছনের লেকের দক্ষিণ-পূর্ব অংশে তখনো আমরা পুলিশ মোতায়েন করতে পারিনি। ওই অংশটা দিয়ে যেকোনো সময় সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারে, এ রকম একটা শঙ্কা দারুণভাবে কাজ করছিল আমাদের মধ্যে। পথ অবরোধ করে রাখতে তখন আমরা একটার পর একটা গুলি করছিলাম। ওপাশ থেকেও গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। এ সময়ে প্রতিরোধে অন্যতম ভূমিকা পালন করেছিলেন রবিউল করিম ও সালাহ্উদ্দিন খান। এর মধ্যে আমরা বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করতে পেরেছিলাম। নতুন আর একজন জিম্মিকে উদ্ধার করে আমরা যখন আবার আগের জায়গায় ফিরে আসি, তখনই সন্ত্রাসীদের নিক্ষিপ্ত একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। তাতে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন রবিউল ও সালাহ্উদ্দিন।
রবিউল আমার আগে থেকে পরিচিত ছিলেন না। ঘটনার দিনই আমি তাঁকে প্রথম দেখি। প্রথম দেখায় অস্ত্রধারী ভয়ংকর জঙ্গি সন্ত্রাসীদের রুখে দিতে আমি তাঁর যে সাহসী ভূমিকা দেখেছি, তা সত্যি অবিস্মরণীয়। সহকর্মীদের কাছ থেকে জেনেছি, রবিউল ছিলেন অত্যন্ত মিষ্টভাষী ও শান্ত প্রকৃতির কর্মকর্তা। দেশ ও মানুষের জন্য তাঁর বুকে ছিল অফুরন্ত ভালোবাসা। তিনি তাঁর গ্রামে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্কুল খুলেছিলেন। নিজ বেতনের টাকা দিয়েই তিনি চালাতেন তাঁর সেই স্কুল। চাকরির মাত্র দুই বছরের মাথায় এ রকম একটি স্কুল পরিচালনা মানবসেবায় সত্যি তাঁর ত্যাগ আর উদারতার এক অসাধারণ বহিঃপ্রকাশ!
সালাহ্উদ্দিন ছিলেন আমার পূর্বপরিচিত। তিনি ছিলেন সত্যি সাহসী, নির্ভীক ও পেশাদার একজন কর্মকর্তা। সহকর্মীদের প্রতি ছিলেন দারুণ সহানুভূতিশীল। তাঁর টিমওয়ার্ক ও কমান্ড ছিল সত্যি প্রশংসনীয়। মানুষের সঙ্গে মিশে যাওয়ার তাঁর ছিল অসাধারণ এক ক্ষমতা। জটিল সমস্যাগুলো বেশ সহজে সমাধান করতে পারতেন তিনি। তিনি বনানী থানায় যোগদান করেছিলেন ২০১৫ সালের আগস্ট মাসে। অল্প দিনেই জয় করে নিয়েছিলেন বনানীবাসীর মন। বনানীবাসীর কাছে জনপ্রিয় ওসি হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। তাই তো বনানীবাসীর অনুরোধে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয় বনানীতে। বনানীবাসীর ভালোবাসায় সিক্ত সালাহ্উদ্দিনের শেষ ঠিকানাও হয় বনানী কবরস্থানে।
হলি আর্টিজান বেকারির স্মৃতি কখনোই ভোলার নয়। ভোলার নয় ওই দিনে পুলিশের বীরোচিত ভূমিকা এবং রবিউল আর সালাহ্উদ্দিনের আত্মত্যাগের কথা। এ জাতি এ দেশ যত দিন থাকবে, তত দিন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে বীর এই দুই পুলিশ সদস্যকে, যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করে প্রমাণ করে গেছেন এ দেশে কখনোই জঙ্গিবাদের স্থান হবে না।
লেখক: উপকমিশনার, গুলশান বিভাগ, ডিএমপি