
কালশীর আকাশে বৃষ্টিবতী মেঘ। সারি বেঁধে ধীরলয়ে কোথায় যেন যাচ্ছে। সড়কের ওপর তাদের ছায়া। মেঘের মতো কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে সেই সড়ক বেয়ে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছে গণপরিবহনগুলো। এই সড়কের পাশে হাঁটা পথ। উপসড়ক না বলে সেটাকে ফুটপাত বলা হয়। সেই পথ ধরে সারি বেঁধে যাচ্ছেন তাঁরা। গলায় ঝুলছে পরিচয়পত্র। না, কোনো বালিকা বিদ্যালয় ছুটি হয়নি। কর্মবিরতিতে বাসার পথে যাচ্ছেন পোশাক–কন্যারা। দুপুরের খাবার খেয়ে আবারও ফিরবেন এই পথ ধরে।
গতকাল দুপুরে খাবারের জন্য বের হয়ে টুকটাক কেনাকাটা করেন তাঁদের কেউ কেউ। কারখানার বাইরেই তিন চাকার ভ্যানগাড়ি দাঁড়িয়ে থাকে। তাতে সবুজ সবজি, পেয়ারা, কলা। আছে মুড়ি-মুড়কি, চানাচুর এবং সুলভ কাপড়। এঁদের জন্যই পথের ওপর এই নিত্যপণ্যের পসরা। রাস্তার আরেক পাশে পাঙাশ আর কই মাছ দামদর করছিলেন একজন। পাঙাশ কত জিজ্ঞেস করলে মাছওয়ালা বলেন, ‘আশি টাকা কেজি, ষাইট হইলে নিতে পারেন।’ একটা পাঙাশ এক কেজি হয় না, আবার দুইটায় এক কেজি সাত শ গ্রাম। গার্মেন্টস থেকে বের হয়ে বাসার জন্য মাছ নিতে গিয়ে দ্বিধায় পড়ে যান স্বপ্না। বলেন, ‘দুই কেজি মিলায়া দ্যান।’ ভ্যানের পেয়ারার দাম শুনে একজন প্রতিবাদ করেন, ‘ইশ, দাগআলা পেয়ারা ত্রিশ ট্যাকা হয় ক্যামনে?’
স্বপ্নার বাড়ি সিরাজগঞ্জে। মাস শেষ হয়ে আসছে দেখে সাবধানে কেনাকাটা করতে হয় তাঁকে। তবে ৩/৪ তারিখের দিকে বেতন হয়ে যাবে। তিনি বলেন, ‘১০ তারিখের মইধ্যে সবার বেতন কিলিয়ার।’ ৫ হাজার ৩০০ টাকায় কাজে ঢুকেছেন তিনি। এই বেতন বাড়বে চাকরি পাকা হলে। ২০০ টাকাও বাড়তে পারে, ৫০০–ও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রে তখন মধ্যরাত। অনিদ্রা আছে—যুক্তরাষ্ট্রপ্রবাসী এমন এক বন্ধুকে মেসেঞ্জারে খুঁজি। পেয়েও যাই। মেসেজে জিজ্ঞেস করি, শেষ কবে বাংলাদেশের তৈরি পোশাক কিনেছেন তিনি? তাৎক্ষণিক তিনি বলেন, দুদিন আগেই কিনেছেন। মিশিগানে ক্যান্টনের একটা স্ট্রাইপ মল থেকে। জেসিপেনি নামের একটা ব্র্যান্ড শপ থেকে ভ্যান হিউইসেন ব্র্যান্ডের একটি টি-শার্ট কিনেছেন তিনি ৫০ ডলারে। বাংলাদেশের তৈরি। বাংলাদেশি টাকায় চার হাজার টাকা। আর সেন্ট জনস বের প্যান্ট কিনেছিলেন ৪০ ডলারে। মানে ৩ হাজার ২০০ টাকা।
বাংলাদেশের এই পোশাক–কন্যারাই এই টি-শার্ট, প্যান্ট তৈরি করেছেন তাঁদের মমতার পরশ দিয়ে। ভাবতে ভালো লাগে।
মিরপুরের কালশীর নতুন রাস্তা নামে পরিচিত ওই সড়কের এক পাশে একটি পোশাক কারখানা। খানিক ব্যবধানে আরও একটি, তারপর আরও একটি। কালশীর আশপাশে এই কারখানাগুলোর ‘সেলাই দিদিমণি’রা থাকেন। এক পাশে এক নম্বর, দুই নম্বর করে আট নম্বর গলি পর্যন্ত শুধু তাঁরাই থাকেন। যখন ছুটি হয়, ঝাঁক বেঁধে বের হন কারখানা থেকে। যখন কাজে যান, ঝাঁক বেঁধেই যান। তাঁদের রাস্তা পার হওয়ার দৃশ্যটা দেখার মতো। সারা দিনে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী এই পথটি পার হন।
‘নতুন রাস্তা’ নামের এই রাস্তাটির বয়স বেশি দিন হয়নি। কিন্তু যান চলাচল বেড়েছে। এই পথ ধরে ওঁরা যখন পার হন, সেটা দেখার মতো দৃশ্য হয়। সেখানে যথেচ্ছ গতিতে যান চলে। নেই কোনো গতিনিরোধক, নেই কোনো ফুটওভারব্রিজ। কারখানার সামনের সড়কদ্বীপের ওপর নির্দিষ্ট দূরত্বে দুটো ধাতব খুঁটি। সেগুলোয় বাঁধা লম্বা দড়ির ওপর দিয়ে গাড়ি চলে। দড়ির অপর প্রান্ত ধরে থাকেন বয়স্ক নিরাপত্তাকর্মী হাফিজুর রহমান। ইউনিফর্ম পরা এই মানুষটির মুখভর্তি দাড়ি, মাথায় টুপি, ঠোঁটে বাঁশি আর হাতে একটা তিন কোনা লাল পতাকা। বাঁশিতে ফুঁ দিলে থেমে যায় যথেচ্ছ-গতির সব গাড়ি। হাফিজুর হাতের দড়িটা টেনে ধরে ব্যারিকেড তৈরি করেন। দামি পাজেরো থেকে শুরু করে ফিটনেসবিহীন গণপরিবহন, রিকশা সব থমকে দাঁড়ায়। এই থমকে যাওয়া ঠিক থমকে যাওয়া নয়, বরং এগিয়ে যাওয়ারই নামান্তর। একটি জাতির জন্য লজ্জা নিবারণের পোশাক বানান যাঁরা, তাঁরা রাস্তা পার হচ্ছেন। তাঁদের জন্য দাঁড়াতেই হয়। সারা দেশের তৈরি পোশাকশ্রমিক এই পোশাক–কন্যাদের হাত ধরে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ আয় করেছে ২ হাজার ৫৪৯ কোটি মার্কিন ডলার।
তাঁরা একটা রাস্তা পার হয়ে যূথবদ্ধ হন সড়কদ্বীপে। রাস্তার পরের অংশটুকুর জন্যও একই ব্যবস্থায় পার হন তাঁরা। সেখানেও দড়ির আরেক প্রান্ত ধরে থাকেন আরেকজন। ওঁরা পার হয়ে যান, ওঁদের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এগিয়ে যেতে থাকে।