ওঁরা অপরাজেয়
সংবিৎ ফিরে পাওয়ার পরই ফ্যান্টম অ্যাপারেলসের সিনিয়র অপারেটর জহুরা বুঝতে পেরেছিলেন, ধ্বংসস্তূপ থেকে তিনি বেরোতে পারলেও স্বামী মতিউর পারেননি। ভালোবেসে বিয়ে করেছিলেন মতিউরকে। এভাবে তো চলে যেতে দিতে পারেন না। দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটালেন—সন্ধান চাই, জীবিত অথবা মৃত। খোঁজ মিলল না।
এক বছর পর দেয়াল থেকে স্বজনের খোঁজ চেয়ে লাগানো পোস্টারগুলো উধাও। উদ্ভ্রান্ত স্বজনহারা মানুষের ছোটাছুটি তেমন একটা চোখে পড়ে না। পুরোনোকে সরিয়ে জাঁকিয়ে বসেছে বিচিত্র বাণীর নতুন পোস্টার। জীবনের নিয়মে শোককে বুকে চেপে সেই জহুরাও আবার নেমেছেন জীবনযুদ্ধে।
এ যুদ্ধ জহুরা বা হেলেনা, স্বপ্না, লাভলি, শিরিন, নাসিমা আর হুমায়ুনদের জন্য খুব কঠিন এক যুদ্ধ। যুদ্ধে এঁরা জয়ী হবেন কি না, জানেন না। শুধু জানেন, জয়-পরাজয়ের কথা চিন্তা না করে জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হয়।
২১ এপ্রিল সাভারের আনন্দনগরে ‘অপরাজেয়’ নামের একটি ছোট্ট কারখানায় বসে কথা হয় জহুরাদের সাথে। কয়েকজন স্বেচ্ছাসেবী মিলে কারখানাটি গড়েছেন। শ্রমিকেরাও কারখানাটিকে নিজের করে নিয়েছেন। এঁরাই কাপড় কাটেন, ব্যাগ বানান, গেঞ্জি সেলাই করেন, ঘরদোর ঝাড়পোছ করেন। সমস্যা একটাই। ছোট কারখানা, তেমন একটা কাজ আসে না। শ্রমিকেরা কাজ চান, ব্যস্ত থেকে ভুলে যেতে চান পুরোনো কথা।
জানা গেল, এঁদের কারও বাড়ি গাইবান্ধা, কারও বরগুনা, কেউ এসেছেন টাঙ্গাইল থেকে, কেউ সিরাগঞ্জের। সবাই রানা প্লাজার বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করতেন।
‘রানা প্লাজা’ নামের একটি ধসে যাওয়া ভবন এঁদের এখন এক সুতায় বেঁধেছে। রানা প্লাজা ধসের কয়েক মাস পরই সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছিলেন এঁরা। সবাই এসে মিলেছেন অপরাজেয়তে। কাজে যোগ দেওয়ার আগে রানা প্লাজার শ্রমিকেরা প্রথম জানতে চেয়েছেন ভবনটি কত তলা। এঁদের মধ্যে শিরিন, লাভলি বহুতল কারখানায় কাজ করতে গিয়েছিলেন। সারাক্ষণই এঁদের মনে হতো, ভবন বুঝি ধসে পড়ল। সামান্য শব্দেও এঁরা এখন কারখানা ছেড়ে ছুটে যান রাস্তায়।
কবে থেকে শুরু হলো এ যুদ্ধ, নতুন করে শুরু করতে কষ্ট হয়েছে কি না, এমন হাজারো প্রশ্নের জবাব দেন এঁরা। শুধু রানা প্লাজার কথা উঠতেই জহুরা বললেন, ‘এ কারাখানাটা ছোট। কাজ কম। মাঝে মাঝে অর্ডার আসলে মনে হয় আগের দিনে ফিরে গেছি। সমানে কাজ করি। কিন্তু হঠাৎ চমকে উঠি। মনে হয় কে যেন চিৎকার করতিসে—বাঁচাও বাঁচাও। পানি পানি। আমি মরলি আমার মাকে কে দেখবি। তার পরই সব দুলতে থাকে।’
জহুরাদের মতো দেশের বিভিন্ন প্রান্তে রানা প্লাজার শ্রমিকেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন প্রতিদিন। মিনু, খালেদা আক্তার, সাবিনাও এ দলের। রানা প্লাজা ধসের দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে মিনুকে মৃত ভেবে উদ্ধারকারীরা নিয়ে গিয়েছিল অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে। সেই মিনু সেলাইয়ের কাজ শিখেছেন। আগে ছিলেন কাটিং মাস্টার। ছেলেদের শার্ট-প্যান্ট কাটতেন। এখন কাটেন, সেলাইও করেন। দুই হাজার ৪০০ টাকার ঘর ছেড়ে মিনু এখন পাঁচ ফুট-আট ফুটের বাড়িতে এসে উঠেছেন। মনে আশা, বুকে বল। গার্মেন্টসে আর ফিরবেন না। তবে ঘুরে দাঁড়াবেন। তিনজনে মিলে দোকান দেবেন। সারা দিন সেই দোকানে ‘কাস্টমারের’ ভিড় লেগেই থাকবে।
ফ্যানটম অ্যাপারেলসের জয়নালের পায়ের ভেতর রড ঢুকে গিয়েছিল। হাঁটতে পারেন না ঠিকমতো। কিন্তু হাত দুটো তো সচল। সাভার ছেড়ে চলে গেছেন জামালপুরে। সেখানে তুলসীপুর বাজারে দোকান দিয়েছেন। মুঠোফোন সারান। আয়-রোজগার যা হয়, তাতে কোনো রকমে দিন চলে যায়।
মুদি-মনিহারি দোকান দিয়েছেন মানিকগঞ্জের নজরুল ইসলাম। গাড়ির যন্ত্রাংশ বিক্রি করেন মোবারক হোসেন। ইয়াকুব আলীরও বাজারে মুদির দোকান।
রানা প্লাজার শ্রমিকেরা থেমে নেই। থেমে থাকেননি। কারণ ওঁরা অপরাজেয়।