ওঁরা এখন যুদ্ধ করছেন মুক্তিযোদ্ধা সনদ পেতে
‘একাত্তরে জীবন বাজি রাইখ্যা আমি কাগো লাইগা যুদ্ধ করছিলাম, কেন যুদ্ধ থেইক্যা ফিইরা আইস্যা আমার মা-বইনরে দ্যাখতে পারলাম না, আর কিল্লাইগ্যা বা আইজ একটা সার্টিফিকেট পাইতে এত ভোগান্তি পোহাইতাছি—এসব প্রশ্নের কোনো উত্তর আছে? আমাগো দুঃখের কথা শুইন্যা, লেইখ্যা লাভ কী? আমাগো লাইগ্যা এহন আর কারও মন কান্দে না।’—ছলছল চোখে প্রথম আলোর কাছে এসব কথা বলছিলেন পটুয়াখালী থেকে আসা মুক্তিযোদ্ধা তাজামুল ইসলাম।৯০ বছর বয়সী এই মানুষটি এখন ঠিকমতো হাঁটতে পারেন না, চোখেও ভালো দেখেন না। তার পরও তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে শুধু একটা সার্টিফিকেট চান। তাঁর দাবি, যুদ্ধ করার সময়ও তিনি এত কষ্ট পাননি, যত কষ্ট ও দুর্ভোগ এখন পোহাতে হচ্ছে। সার্টিফিকেটের জন্য তিনি দুই মাস পরপর ঢাকায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আসেন, সেখানেই থাকেন, খাওয়াদাওয়া করেন। ঢাকায় দু-এক দিন থাকতে হলে ঘুমানোর জন্য তাঁকে মন্ত্রণালয়ের রাস্তার পাশের যেকোনো স্থান বেছে নিতে হয়।সার্টিফিকেট না পাওয়ার যন্ত্রণায় তাজামুল ইসলামের এখন আরেকটি ইচ্ছা জেগেছে, একবারের জন্য হলেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তিনি। শুধু তাজামুল নন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং ওই ভবনের আশপাশে, বারান্দায় এমন অনেক মুক্তিযোদ্ধাকে দেখা যায়। তাঁদের বেশির ভাগই দিনের পর দিন সার্টিফিকেট নেওয়ার জন্য ঘুরছেন। প্রতি মাসে টাকা ধার করে সার্টিফিকেট নিতে ঢাকায় আসেন গফরগাঁওয়ের ফজলুল হক। তিনি জানান, আট মাস ধরে তিনি এখানে আসছেন। মন্ত্রণালয় তাঁকে আজ বলে কাল আসেন, কাল বলে পরশু আসেন, এভাবেই চলছে। জীবদ্দশায় সার্টিফিকেট পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন তিনি।নরসিংদী থেকে আসা ফরিদা খাতুন জানান, তিনি প্রায় এক বছর ধরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসছেন তাঁর স্বামীর সার্টিফিকেট নিতে। এত দিন তাঁর স্বামীকে নিয়ে আসতেন। কিন্তু তিন মাস আগে স্বামী মারা গেছেন। তাঁর কষ্ট, স্বামী বেঁচে থাকতে সার্টিফিকেট হাতে পেলেন না।রংপুরের আহসান আলী কষ্টের কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারলেন না। চোখের পানি মুছতে মুছতে বলেন, যুদ্ধের সময় মরে গেলেই ভালো হতো। তাহলে এমন দিন দেখতে হতো না। তিনি আরও বলেন, ‘আজ নিয়ে ২৫ দিন এসেছি। কিন্তু আমাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না।’মুক্তিবার্তা ও গেজেটে কারও কারও নাম ওঠার পরও দেওয়া হচ্ছে না যুদ্ধাহত ভাতা। এ প্রসঙ্গে মাদারীপুর থেকে আসা দুই মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও আবদুর রহিম জানান, সাত বছর ধরে তাঁরা ভাতার জন্য ঘুরছেন। কিন্তু মন্ত্রণালয় থেকে তাঁদের কোনো সহায়তা করা হচ্ছে না।শহীদ পরিবারের ভাতা না পাওয়া নিয়ে অভিযোগ করলেন ঠাকুরগাঁও থেকে আসা সালমা বেওয়া। তিনি মন্ত্রণালয়ের নিচতলায় নিজের ব্যাগকে বালিশ বানিয়ে শুয়ে পড়েছেন। অনেকটা ক্ষোভের সঙ্গে বলেন, ‘আজ (গতকাল) সার্টিফিকেট না পেলে আর কোনো দিন আসব না।’ মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, মন্ত্রণালয়ের পাঁচতলায় প্রতিমন্ত্রী ও সচিবের রুমের বারান্দা থেকে শুরু করে নিচতলা পর্যন্ত মুক্তিযোদ্ধারা বসে আছেন, কেউ বা শুয়ে পড়েছেন। সবার একই অভিযোগ, মুক্তিযোদ্ধা হওয়ার পরও তাঁরা সার্টিফিকেট পাচ্ছেন না, মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের সহায়তা করছেন না।জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেউ এসে সার্টিফিকেট চাইলেই তো আমরা দিয়ে দিতে পারি না। পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হয়। জেলা পর্যায়ে খোঁজখবর নিতে হয়।’প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বেড়েছে, চাকরির বয়স বেড়েছে, ভাতাও বেড়েছে। সুতরাং এসব সুযোগ নিতে অনেক অমুক্তিযোদ্ধাও মন্ত্রণালয়ে ভিড় করেন। এঁদের অনেকেরই কোথাও কোনো কাগজপত্রে নাম নেই। সুতরাং চাইলেই সার্টিফিকেট দিয়ে দিতে পারি না আমরা। তবে এটা ঠিক, প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছেন, যাঁরা অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে বঞ্চিত হন।’ প্রতিমন্ত্রী আরও জানান, সবকিছু ঠিক থাকলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২৪ ঘণ্টার মধ্যে সার্টিফিকেট দিয়ে দিতে পারে।