ওঁরা এখনো আসেন রানা প্লাজার সামনে
১৪ মাস পরও হারানো স্বজনের জন্য ধসে পড়া ভবনের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলেন মিলি খাতুন। তিনি একাই নন, আরও অনেকেই আসেন। কেউ দীর্ঘশ্বাস ফেলেন হারানো স্বজনের জন্য, কেউবা ক্ষতিপূরণের আশায়।
গতকাল মঙ্গলবার দুপুরে ধসে পড়া ভবনের সামনে দাঁড়িয়ে স্বামী মতিউর রহমানের জন্য নীরবে চোখের জল ফেলছিলেন মিলি খাতুন। কর্মব্যস্ত বাসস্ট্যান্ড এলাকায় তাঁকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। এ প্রতিবেদক তাঁর কাছে এগিয়ে গেলে ওড়না দিয়ে চোখের পানি মুছে নির্বাক তাকিয়ে থাকেন। তাঁর স্বামী আর তিনি চাকরি করতেন চারতলায় ফ্যান্টম অ্যাপারেলস নামের কারখানাটিতে।
মিলি বলেন, ভবন ধসের দিন তাঁরা দুজনেই কাজে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের মাথার ওপর ধসে পরে পুরো ভবনটি। ঘটনার দেড় ঘণ্টা পর উদ্ধারকর্মীদের সহায়তায় তিনি বের হতে পারলেও স্বামী চাপা পড়েন ধ্বংসস্তূপের ভেতরে। এরপর থেকে আর তাঁর হদিস পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েও লাশের সন্ধান মেলেনি।
কোনো সাহায্য পেয়েছেন কি না জানতে চাইলে মিলি খাতুন জানান, প্রথম ধাপে বিকাশের মাধ্যমে স্বামী আর তাঁর নামে ১৫ হাজার করে তিন বারে ৯০ হাজার টাকা পেয়েছেন। আর সম্প্রতি তাঁর স্বামীর নামে পেয়েছেন ৫০ হাজার টাকা। আর দুটি বেসরকারি সংস্থা থেকে পেয়েছেন ২০ হাজার টাকা। এ ছাড়া আর কোনো সহায়তা পাননি তিনি। পাওয়া টাকার প্রায় সবই ধার-দেনা আর ঘর ভাড়াতেই শেষ হয়ে গেছে। এর পরও তিনি সাভারে পড়ে রয়েছেন।
রানা প্লাজার আরেকজন শিকার খাদিজা বেগম। তাঁর স্বামী শহীদুল ইসলামও কাজ করতেন ধসে পড়া ভবনের পাঁচতলার একটি পোশাক কারখানায়। তিনিও দুই সন্তানকে নিয়ে গতকাল এসেছিলেন। ভবন ধসের পর অনেক খোঁজাখুঁজি করেও খাদিজা তাঁর স্বামীর লাশের হদিস না পেয়ে আশা ছেড়েই দিয়েছিলেন। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষায় জুরাইন কবরস্থানে লাশের সন্ধান মেলে। খাদিজা বলেন, ‘আমি জানি আমার স্বামী আর কোনো দিন ফিরে আসবে না। এর পরও রানা প্লাজার সামনে এলে কষ্টের মধ্যেও অনেক ভালো লাগে।’
খাদিজা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এক লাখ টাকা ছেলে সোহানের নামে ব্যাংকে রেখেছেন। আর বিকাশের মাধ্যমে পাওয়া ৪৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। এখন ছেলে সোহানকে নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকায় থেকে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়ে সাথী থাকেন ফরিদপুরে তাঁর বাবা-মায়ের কাছে।
বৃদ্ধ বয়সে অভাবে পড়ে রিকশা চালান পাবনার মিন্টু মিয়া। এই ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান মেয়ে লাবনি। তিন দিন পর তাঁর লাশ পাওয়া যায়। সেই স্মৃতি কোনোভাবেই ভুলতে পারেন না মিন্টু। তাই তো কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই চলে আসেন ধসে পড়া রানা প্লাজার সামনে। গতকাল দুপুরেও ধসে পড়া ভবনের সামনে রিকশা রেখে নির্বাক তাকিয়ে ছিলেন ধ্বংসস্তূপের দিকে।
মিন্টু মিয়া বলেন, ‘কাজ করবার জাইয়া কারখানা ভাইঙ্গা লোক মরবো এইডা মাইনা নেওয়া যায় না। যাগো জন্য আমার মাইয়া মরলো তাগো ফাঁসি না অওয়া পর্যন্ত আমি শান্তি পামু না।’