ওঁরা কেবল কাজের নিশ্চয়তা চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাস্টিকের পানির বোতল রং অনুযায়ী আলাদা করার কাজ করে পিয়া। সম্প্রতি রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ থেকে তোলা ছবি । প্রথম আলো
প্লাস্টিকের পানির বোতল রং অনুযায়ী আলাদা করার কাজ করে পিয়া। সম্প্রতি রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ থেকে তোলা ছবি । প্রথম আলো

তখন সকাল প্রায় আটটা। চৈত্রের রোদের তেজটা তখনই জানান দেয় রাজধানীবাসীকে। এই রোদে হেঁটে যাচ্ছেন একদল পোশাকশ্রমিক। তাঁদের এক হাতে টিফিন ক্যারিয়ার। পাশে কখনো স্বামী বা ভাই, বোন, ভাবি অথবা পাশের বাড়ির পরিচিতজন। সবার গন্তব্য পোশাক কারখানা।
মোহাম্মদপুরের শেখেরটেক ১১ নম্বর রোডের পোশাককর্মী রেবেকা বেগমের সঙ্গে কথা হয়। মে দিবস কী, জানেন? চটজলদি উত্তর, ‘নাহ্’। তাঁর দ্রুত পায়ে চলা জানিয়ে দেয়, আটটা বেজে গেলে প্রবেশ নিষেধ।
মোহাম্মাদপুর টাউন হলের সামনে বসে অপেক্ষা করছেন একদল শ্রমিক। তাঁদের সবার সামনে ঝুড়ি, কোদাল। অপেক্ষা কাজের জন্য। ঠিকাদার এলেই দর-কষাকষির পর কাজে চলে যাবেন—এমন আশা নিয়ে অপেক্ষা করছেন শুকনা মুখে মো. হাশেম মিয়া। বয়স প্রায় ষাটের ঘরে যেতে শুরু করেছে। গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়া। তিন ছেলে ও এক মেয়ের জনক তিনি।
হাশেম মিয়া বলেন, ‘বড় দিনের বেলা ৩০০ টাকায় হারাদিন কাম করা যায়? ৫০ টাক্যা বেশি দিব না।’ ঠিকাদার কাশেম আলী জানান, হাশেম মিয়ার বয়স বেশি, তাই কাজ বেশি করতে পারেন না। এ জন্য মজুরি কম দেওয়া হয়।
পয়লা মে দিবস কেন, জানেন? ঠিকাদার কাশেম আলীর কঠিন চেহারা আরও কঠিন করে উত্তর, ‘আমাগো এত জাইনা কাম নাই, পেট চলবে মে দিবস দিয়া?’
রায়েরবাজার বেড়িবাঁধে ট্যানারিতে দেখা হয় হালিমা খাতুনের সঙ্গে। বেঁচে যাওয়া চামড়া পুড়িয়ে আঠা তৈরির কাজ করেন। প্রতিদিন ২৫০ টাকা মজুরি নিয়ে বেশ কষ্টে মাস পার করেন। কাজের ফাঁকে এক কাপ চা হাতে নিয়ে বসেছেন তিনি। পাশে বসে কথা হয় মে দিবস নিয়ে। হালিমা খাতুন শুধু এটুকু জানেন, মে দিবসে ফ্যাক্টরি বন্ধ থাকবে।
পাশের প্লাস্টিকের ফ্যাক্টরিতে ঘামে গোসল প্রায় ছোট্ট পিয়ার। দুই ভাই ও মা পাশে আছেন। ওঁদের দেখিয়ে আবার প্লাস্টিকের বোতল কাটতে শুরু করে। মা ফরিদা আক্তার চোখের কোণে যন্ত্রণা নিয়ে জানান, স্বামী দ্বিতীয় বিয়ে করায় পরিবারের খাবার জোগাড় করার মূল দায়িত্ব এখন তাঁর। ছোট্ট ছেলেমেয়েকে নিয়ে সবাই ফ্যাক্টরিতেই দিন পার করেন।
কয়েকজন শিশুর সঙ্গে কথা হয়। বুড়িগঙ্গার পচা পানির ধারে বেলুন ফ্যাক্টরিতে কাজ করে। বাবা ময়লার ভ্যানচালক, মা বাসাবাড়িতে কাজ করেন। রুকু সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে বড় ভাইয়ের সঙ্গে রাতে বাড়ি ফেরে। রুকু প্রতিদিন ৩০০ টাকা নিয়ে বাড়ি ফেরে। তার কাছে মে দিবস মানে অবাক চোখে তাকিয়ে থাকা।
১৮৯০ সাল থেকেই ১ মে বিশ্বে শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মে দিবসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কাশেম আলী, রুকু, হালিমা খাতুন, হাশেম মিয়ারা অপেক্ষা করবেন কাজের জন্য। কারণ, অধিকারের কথা ভাবেন না, ওঁরা কেবল কাজের নিশ্চয়তা চান।