ওঁরা নতুন একগুচ্ছ ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীর ১০টি অধুনালুপ্ত ছিটমহলে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কুড়িগ্রাম, পঞ্চগড় ও নীলফামারীর ১০টি অধুনালুপ্ত ছিটমহলে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

যে মানুষগুলো মুক্তির প্রতীক্ষায় থেকে দীর্ঘ ৬৮ বছর কাটিয়েছেন অবমাননাকর জীবন, তাঁদের ‘নতুন প্রস্ফুটিত একগুচ্ছ ফুল’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় এসে সুধী সমাবেশে তিনি বলেছেন, ‘আপনারা হলেন ফুলবাড়ীর ফুল। এই ফুল আমরা নিজেদের মধ্যে পেয়েছি। আপনাদের আর কখনো ছিটমহলবাসী বলা হবে না। আপনারা এ দেশের নাগরিক। আপনাদের আর বঞ্চিত হতে হবে না।’
প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আপনারা নাগরিক সুবিধা পেতেন। দীর্ঘ ৬৮ বছর আপনাদের মানবেতর জীবন যাপন করতে হতো না। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শুধু ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তিই করেননি, আইনও পাস করেছিলেন। তবে ভারত এই আইন পাস করতে পারেনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল—জিয়া, এরশাদ, খালেদা—কোনো সরকারই স্থলচুক্তি বাস্তবায়ন নিয়ে কোনো উদ্যোগ নেয়নি।
শেখ হাসিনা বলেন, ‘২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমি ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু করি। ২০০৯ সালে ক্ষমতায় এসে সীমানা চিহ্নিতকরণ ও প্রটোকল চুক্তি হয়। এর মধ্যে ভারতে কংগ্রেস সরকারের পরিবর্তন ঘটে। কিন্তু আমরা কাজ চালিয়েছি। এখন কী করে আপনাদের জীবন উন্নত করা যায়, তা দেখতে এখানে ছুটে এসেছি। আপনারা আমাদের আপনজন।’
প্রধানমন্ত্রী গতকাল সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে ফুলবাড়ী আসেন। সেখান থেকে মোটর শোভাযাত্রায় ১৯ কিলোমিটার দূরে দাসিয়ারছড়ায় পৌঁছান সোয়া ১০টায়। এই সড়কটি নতুন করে মেরামত এবং সাবেক ছিটমহল দাসিয়ারছড়া পর্যন্ত দুই কিলোমিটার নতুন করে তৈরি করা হয়েছে। এখানে কালীরহাট বাজারের পাশের নতুন প্রতিষ্ঠিত শেখ হাসিনা বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় মাঠের পাশে মঞ্চে তিনি সুধী সমাবেশে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দাসিয়ারছড়ায় গান শুনে স্থানীয় বাসিন্দা করফুল বেওয়াকে বুকে টেনে নেন l ছবি: প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দাসিয়ারছড়ায় গান শুনে স্থানীয় বাসিন্দা করফুল বেওয়াকে বুকে টেনে নেন l ছবি: প্রথম আলো

এর আগে প্রধানমন্ত্রী দাসিয়ারছড়াসহ পঞ্চগড়ের সাবেক ছিট দহলা খাগড়াবাড়ী, কোটভাজনী, কাজলদীঘি, শালবাড়ী ও পুটিমারী এবং লালমনিরহাট জেলার সাবেক ছিট খারিজা শিয়ালদহ ১ ও ২ এবং নগরজিগাবাড়ীতে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। এসব এলাকার ২ হাজার ৫৬১টি পরিবারে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দাসিয়ারছড়ায় সোলার প্যানেল বিতরণকাজেরও উদ্বোধন করেন। তবে তাঁর কার্যালয় থেকে দেওয়া সফরসূচিতে ‘মুজিব-ইন্দিরা দাসিয়ারছড়া ইউনিয়ন পরিষদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের উল্লেখ থাকলেও প্রধানমন্ত্রী এ-সংক্রান্ত কোনো ঘোষণা দেননি বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেননি। তিনি তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এবং তাঁর কথা শুনতে দাসিয়ারছড়ার পথে নেমেছিল মানুষের ঢল। সকাল থেকেই আন্তজেলা সড়ক ও গ্রামের মেঠোপথে বাস, মোটরসাইকেল, ভটভটিতে বা বিস্তীর্ণ সবুজ ধানখেতের ভেতরের সরু পথ দিয়ে হেঁটে অসংখ্য মানুষ কালীরহাট বাজার ও আশপাশের এলাকায় জমায়েত হন। ছোট ছোট ছেলেমেয়ে হাঁটছিল পতাকা নিয়ে। সবাই এসেছে সাধ্যমতো ধোপদুরস্ত পোশাকে। বিশেষত নারীদের সাজসজ্জা ছিল অনেকটা পয়লা বৈশাখ বা এ ধরনের সামাজিক উত্সবের সাজের মতো। বাজারের আশপাশে বসে গিয়েছিল নানা রকম খেলনা, বাঁশি, খাজা-গজা-জিলাপির দোকান। পুরোদস্তুর গ্রামীণ মেলার আবহ। পথে পথে তোরণ আর ব্যানার তো ছিলই, অনেক বাড়িতে, বড় বড় গাছের মাথায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা। অনেকে স্লোগান দেন, ‘নিজ দেশে পরবাসী ছিলাম এত দিন/ শেষ হবে না, শেষ হবে না শেখ হাসিনার ঋণ’।
অনুষ্ঠানের শুরুতে দাসিয়ারছড়াবাসীর পক্ষে হৈমন্তী শুক্লা, সাংসদ তাজুল ইসলাম চৌধুরী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও জেলা প্রশাসক মো. নূরুল আমিন বক্তব্য দেন।
জনসভা: দাসিয়ারছড়া থেকে ফুলবাড়ী হয়ে দুপুরে প্রধানমন্ত্রী আসেন কুড়িগ্রামে। বিকেলে সরকারি কলেজ মাঠে ছিল জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা। বিশাল মাঠটি জনাকীর্ণ। পাশে জেলা প্রশাসকের কার্যালয় সড়ক, ঘোষপাড়া, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উলিপুর সড়কজুড়ে ছিল মানুষের সুবিশাল সমারোহ। মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখর। বিকেল পৌনে চারটায় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান ও তাঁর দলের শিল্পীদের গাওয়া ‘স্বাগতম জননেত্রী শেখ হাসিনা স্বাগতম/ করেছ মঙ্গামুক্ত করেছ উন্নয়ন’ গানটি দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা দিয়ে সভার কাজ শুরু হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল।
প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, এ দেশে কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের স্থান হবে না। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময় বলে খ্যাতি লাভ করেছে। বিএনপি-জামায়াত জোট আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে। খালেদা জিয়া আগুন দিয়ে মানুষ মেরে বিদেশে গেছেন। সন্ত্রাসী-জঙ্গিদের আর মাথা তুলতে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, ‘আগে কুড়িগ্রামের পরিচয় ছিল মঙ্গা এলাকা হিসেবে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি মঙ্গা দূর করেছিলেন। ২০০১ পর্যন্ত মঙ্গা ছিল না। এরপর আবার বিএনপি ক্ষমতায় এলে কুড়িগ্রামে পুনরায় মঙ্গা ও দুর্ভিক্ষ দেখা দেয়। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে যেসব উন্নয়নকাজ করেছে, তাতে কুড়িগ্রাম থেকে চিরতরে মঙ্গা বিদায় নিয়েছে।
প্রধানমন্ত্রী জেলায় একটি শিশুপার্ক, সরকারি বা বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দুধকুমার নদে সোনাহাট সেতু নির্মাণ এবং একটি বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। কুড়িগ্রাম জেলায় ২০টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২০টি প্রকল্পের কাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কৃষিজীবী হিমাগার স্থাপন, কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ, কুড়িগ্রাম সরকারি কলেজের ১০০ শয্যার দুটি পৃথক ছাত্র ও ছাত্রীনিবাস, বিজ্ঞান ভবন নির্মাণ ইত্যাদি।
সভায় নাগরিক সমাজের পক্ষে বক্তব্য দেন লেখক সৈয়দ শামসুল হক। আরও বক্তব্য দেন খাদ্য প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী প্রমুখ।

আরও পড়ুন: