ওঁরা ভালো বন্ধুও ছিলেন
তখন বিকেল চারটা। পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লায় অনন্য সমাজকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে সহকর্মী, আত্মীয়, বন্ধুসহ কয়েক শ মানুষের ভিড়। কারও মুখে কোনো কথা নেই। দৃষ্টি সবার পথের দিকে। কখন আসবেন ওঁরা। চারটা বেজে ১০। একটি হলুদ রঙের ছোট ট্রাক এসে থামল কার্যালয়ের প্রধান ফটকে। মুহূর্তেই কান্নায় ভারী হয়ে উঠল চারপাশ। এগিয়ে দেখা গেল, ট্রাকে চারটি লাশ৷ জানা গেল, এঁরাই টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন৷ পাবনার অনন্য সমাজকল্যাণ সংস্থার তিন কর্মকর্তা ও এক চালকের মরদেহ পাবনায় পৌঁছার দৃশ্যপট ছিল এমনই। নিহত ব্যক্তিরা হলেন অনন্য সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবদুল হামিদ (৪৪), পরিচালক (প্রশাসন) ও পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনা চেতনার সম্পাদক আজিম উদ্দিন (৪৫), পরিচালক (অর্থ) মোখলেছুর রহমান (৪০) এবং পিকআপ ভ্যানের চালক গোলাম মোস্তফা (৪২)।
গতকাল শনিবার সকালে একটি পিকআপ ভ্যানে করে সংস্থার চার কর্মকর্তা ঢাকায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় সংযোগ সড়কের কামাক্ষা মোড়ে একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও তিন কর্মকর্তা প্রাণ হারান৷ গুরুতর আহত অবস্থায় সংস্থার প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিনকে (৪৫) ঢাকায় পাঠানো হয়েছে। নিহদের চারজনের মরদেহ পাবনায় পৌঁছার পর বিকেল পাঁচটায় আরিফপুর কবরস্থান মাঠে জানাজা শেষে তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আবদুল হামিদ সাঁথিয়া উপজেলার বয়রা গ্রাম, আজিম উদ্দিন একই উপজেলার ঘুঘুদহ গ্রাম, মোকলেসুর সদর উপজেলার রাজাপুর এবং চালক মোস্তফা দক্ষিণ রাঘবপুর গ্রামের বাসিন্দা ছিলেন৷
সংস্থার কর্মকর্তারা জানান, সংস্থাটি পাবনায় দারিদ্র্যবিমোচনে ক্ষুদ্রঋণ বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে; যা দেখাশোনার মূল দায়িত্বে ছিলেন এই চার কর্মকর্তা। সংস্থার চেয়ারম্যান বিভিন্ন কাজে দেশের বাইরে অবস্থান করায় এই চার কর্মকর্তাই সার্বক্ষণিক সব কার্যক্রম পরিচালনা করতেন। ভোর চারটার দিকে তাঁরা সংস্থার কাজে পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। সকাল সাতটার দিকে দুর্ঘটনার খবর আসে।
নিহতদের পরিবার সূত্র জানায়, আবদুল হামিদ সম্প্রতি পাবনা শহরের লেপু সেপাহি সড়কে একটি বাড়ি তৈরি করেছিলেন। রমজান মাসে পরিবার-পরিজন নিয়ে সেই বাড়িতে ওঠার কথা ছিল তাঁর। আর আজিম উদ্দিন দুই ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখতেন। এক মাস বয়সী ছেলে রয়েছে মোখলেসুর রহমানের।
নিহতদের ঘনিষ্ঠ বন্ধু আহম্মেদ উল হক বলেন, ওঁরা শুধু একসঙ্গে কাজ করতেন না, ভালো বন্ধুও ছিলেন। বিপদে-আপদে একে অপরের পাশে থাকতেন।