ওঁরা মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীর মুক্তিযোদ্ধা তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেহরক্ষীর দায়িত্ব পালন করেছেন একসময়। ছিলেন সেনা কর্মকর্তা। সেই কাজী আবদুল মতিন ছেলে কাজী রকিবুল হাসান ওরফে শাওনের খোঁজে মন্ত্রী-সাংসদ আর র‌্যাব-পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন।
কাজী মতিনের ছেলে কাজী রকিবুল হাসান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত ছিলেন যুবলীগের নেতা। গত ২৯ মার্চ গভীর রাতে রকিবুল স্ত্রী-সন্তান, মা-বাবার সঙ্গে অবস্থান করছিলেন কুমিল্লায় তাঁদের মুন্সেফ কোয়ার্টারের বাসায়। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ। মতিন বিছানা ছেড়ে উঠে দরজা খোলেন। দেখেন কালো পোশাক পরা একদল লোক তাঁর ছেলেকে খুঁজছেন। পরিচয় জানতে চাইলে তাঁরা র‌্যাবের সদস্য বলে জানান। মতিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় রকিবুলকে। সেই থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনার জন্য কাজী মতিন র‌্যাব-পুলিশকেই দায়ী করছেন। রকিবুলের মা আনোয়ারা বেগম ১৪ ব্যক্তি ও পুলিশের একজনের নামে মামলা করেছেন।
এই বাংলাদেশ কি মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন? এমন প্রশ্ন তোলেন বিএনপিদলীয় সাবেক সাংসদ সাইফুল ইসলামের মেয়ে মাশরুফা ইসলাম। বলেন, ‘আমার বাবা তো ফ্রিডম ফাইটার। দেশ স্বাধীন করেছে। স্বাধীন দেশে বাবা গুম হয়েছে। তো দেশ স্বাধীন হয়ে কী লাভ হলো! আগেই ভালো ছিল। তখন গুম হলে বলতে পারতাম, পরাধীন দেশ বলে হয়েছে।’
রাজধানীর কদমতলীর সংগ্রাম চৌধুরীর ভাই প্রিন্স চৌধুরী বলছিলেন, ‘ভাইটার জন্ম সংগ্রামের মধ্যে। বাবা সংগ্রামে যাওয়ার ১৫ দিনের মাথায় ওর জন্ম। সংগ্রামের মধ্যেই ওর মৃত্যু।’ তিনি জানান, তাঁর ভাইকে হত্যার জন্য র‌্যাবের এক-দেড় শ সদস্য পুরো বাড়ি ঘিরে ফেলেছিলেন। তাঁর ভাই আটতলার একটি পাইপ বেয়ে যখন নামতে যান হাতে গুলি করে র‌্যাব। বাড়ির উঠানে বসিয়ে ১৪টি গুলি ছুড়ে হত্যা করা হয়। হত্যা করার আগে ওঁরা বলেছিলেন, ‘তোকে ধরতে খুব কষ্ট হয়েছে। অত সহজে তোকে মারব না।’ গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া সংগ্রামকে যখন র‌্যাব সিএনজিতে তুলছিল, তখন ছুটে আসে এসএসসি পরীক্ষার্থী মেয়ে। বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাকুতি-মিনতি করেও কোনো লাভ হয়নি। প্রিন্স বলেন, তিনি নিজেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানেন না কী হবে।