ওঁরা সাত শ্রমিক মে দিবসেও ছুটি পাননি
মে দিবসে ওঁরা ছুটি ভোগ করতে পারেননি। ঠিকাদারের কাজ ঠিক সময়ে শেষ করতে কার্যালয়ের প্রধান সাত রেল শ্রমিক-কর্মচারীকে ডেকে এনে কাজ করান। ঘটনাটি ঘটেছে গত রোববার মে দিবসের দিনে পাবনার ঈশ্বরদীর রেলওয়ের বিভাগীয় সদর দপ্তর পাকশীতে। এটি রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-১-এর (ডিইএন-১) দপ্তর।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের দুই শ্রমিক-কর্মচারী বলেন, মে দিবসে বাংলাদেশসহ সারা বিশ্বে শ্রমিক-কর্মচারীরা সাধারণ ছুটি ভোগ করেন। কিন্তু তাঁদের ভাগ্যে ছুটি জোটেনি। অফিস-প্রধান বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ আবু জাফর মিয়ার নির্দেশে ওই দিনও তাঁদের কাজ করতে হয়েছে। কয়েকজন ঠিকাদারের কাজ এগিয়ে নিতে মে দিবসের এই ছুটির দিনে সাতজন শ্রমিক-কর্মচারীকে ডেকে এনে তিনি কাজ করিয়েছেন। আরেক কর্মচারী বলেন, তিনি পাকশীতে মে দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তাঁকে সেখান থেকে ডেকে এনে কাজ করানো হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল সকাল নয়টার পর ডিইএন-১ আবু জাফর মিয়া তাঁর নিজ কার্যালয়ে আসেন। এরপর একে একে সাত কর্মচারী এসে যথারীতি কাজে যোগ দেন। কিছুক্ষণ পর আসেন কয়েকজন ঠিকাদার। প্রকৌশলী ও ঠিকাদার পরে দীর্ঘক্ষণ ডিইএন-১-এর কার্যালয়ে বসে খোশগল্প করে সময় কাটান।
বিষয়টি জানতে গতকাল দুপুরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে ডিইএন-১ আবু জাফর ফোন রিসিভ করেননি।