ওঁরাওদের কারাম উৎসব উদ্যাপিত

বর্ষায় খালে-বিলে ফোটে শাপলা-শালুক। এ সময় ধান রোপণের পর শরতে ওঁরাও সম্প্রদায়ের অফুরন্ত অবসর। সম্প্রদায়টির পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শেষে আসে তাঁদের অন্যতম বার্ষিক উৎসব কারাম। এটি বৃক্ষপূজার উৎসব।
ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচপীরডাঙ্গায় ওঁরাও পল্লিতে দুদিনব্যাপী কারাম উৎসব উদ্যাপিত হয়েছে। গত শুক্রবার এ উৎসব শুরু হয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তা শেষ হয়েছে।
কারাম পূজার প্রথম দিন শুক্রবার ওঁরাও নারী-পুরুষ উপোসের মাধ্যমে পূজা শুরু করেন। পরে মাদল, ঢোল, করতাল ও ঝুমকার বাজনার তালে তালে নেচে-গেয়ে এলাকা থেকে কারামগাছের ডাল ভেঙে আনেন তাঁরা। এরপর ওঁরাও নারীরা পূজার বেদি তৈরি করেন। সূর্যের আলো পশ্চিমে হেলে গেলে কারামগাছের ভেঙে আনা ডালটি সেখানে রোপণ করা হয়। পুরোহিত ধর্মীয় কাহিনি শোনান। বেদির চারধারে ঘুরে ঘুরে তরুণ-তরুণীরা নাচেন। কারামের ডালটিতে শাপলা ফুলের মালা পরানো হয়। এরপর উপোস থাকা নারীরা উপোস ভেঙে ফেলেন। বিভিন্ন বাড়ি থেকে পাওয়া চাল, ডাল ও টাকা দিয়ে ভোজের আয়োজন করা হয়। শনিবার নদীতে কারামের ডালটি বিসর্জনের মাধ্যমে উৎসব আনুষ্ঠানিকভাবে শেষ হয়।