ওঁরাওদের চন্দনটিলা ফের অরক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালুচর এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী ওঁরাওদের আশ্রয়স্থল চন্দনটিলা ফের অরক্ষিত হয়ে পড়েছে। সংঘবদ্ধ ভূমিখেকো চক্র টিলার একাংশ কেটে নিয়ে নিচে স্থায়ী পিলার বসানোর তৎপরতা চালাচ্ছে।
গতকাল শনিবার দুপুরে ওঁরাওদের চন্দটিলা রক্ষায় গঠিত কমিটির সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মতবিনিময় করেন সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ ক্ষুদ্র জাতিসত্তার অধিকার রক্ষায় সিলেটের বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
সিলেট অঞ্চলের মধ্যে শুধু নগরের শাহ পরান থানা এলাকার বালুচরে ওঁরাওদের বসবাস। চন্দনটিলা ঘিরে তাঁদের বসতি এলাকা। এখানে মোট জমির পরিমাণ ছিল প্রায় ২০০ একর। প্রায় এক দশক ধরে সংঘবদ্ধ একটি ভূমিখেকো চক্রের তৎপরতায় চন্দনটিলা ছাড়া ওঁরাওদের আর কোনো জমি নেই। ওঁরাওদের সর্বশেষ আশ্রয়স্থল চন্দনটিলাকে ঘিরে দখল তৎপরতা নিয়ে গত বছরের ৬ মার্চ প্রথম আলোয় ‘চন্দনটিলা গিললেই ওঁরাওরা শেষ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
ওঁরাওরাদের কয়েকজন বলেন, তখন ভূমি রক্ষা নিয়ে একটি কমিটি গঠিত হয়। এরপর ভূমিখেকোদের তৎপরতা প্রায় এক বছর বন্ধ থাকে। সম্প্রতি চন্দটিলার নিচের দিকে কিছু জমির মালিকানা দাবি করে ভূমিখেকো চক্র আবার সক্রিয় হয়েছে।
সরেজমিনে ঘটনাস্থল দেখার পর ওঁরাওদের বসতবাড়িতে একটি মতবিনিময় সভা হয়। এ সময় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ন্যাপের সভাপতি সৈয়দ আবদুল হান্নান, সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ওঁরাওদের সঙ্গে ছলচাতুরী করে সংঘবদ্ধ ভূমিখেকো চক্র তাঁদের জমি কিছু কিনে নিয়েছে, কিছু দখল করেছে। এর থেকে ওঁরাওদের রক্ষা করতে হলে প্রশাসনের সহায়তা প্রয়োজন।
‘ওঁরাও আদিবাসী ভূমি রক্ষা কমিটি’র সদস্যসচিব লক্ষ্মীকান্ত সিংহ বলেন, দখল তৎপরতা ফের শুরু হয়েছে। বিষয়টি সরেজমিনে প্রত্যক্ষ করা হয়েছে। আজ রোববার কমিটির পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিয়ে প্রশাসনিক সহায়তা চাওয়া হবে।