ওঁরাওদের জায়গা রক্ষার সমাবেশে সেই ইউপি চেয়ারম্যানের বাধা
সিলেট শহরতলির বালুচরে আদিবাসী ওঁরাওদের জায়গা রক্ষার দাবির সমাবেশে দখলদার অভিযুক্ত সেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মছব্বিরের বাধার মুখে পড়েন আদিবাসী সংগঠনসহ নাগরিক সংগঠনের নেতারা। গতকাল মঙ্গলবার বালুচরের চন্দনটিলা এলাকায় ওঁরাও পল্লিতে ওই সমাবেশ ডাকা হয়।
সমাবেশ শুরুর আগে বেলা তিনটার দিকে ইউপি চেয়ারম্যান ও তাঁর ভাই দলবলসহ সমাবেশস্থলের মুখে রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বাধার কারণে এক ঘণ্টা পর সমাবেশ হয়। সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মছব্বির ১৮ ফেব্রুয়ারি সকালে বালুচরের চন্দনটিলার একাংশ দখল করে বাঁশ দিয়ে ঘর নির্মাণ করেন। ওঁরাও আদিবাসীদের প্রতিবাদের মুখে শেষে নির্মাণাধীন ঘর রেখে নির্মাণকারীরা পালিয়ে যান। ওই দিন বিকেলে ওঁরাওদের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে।
আদিবাসীদের জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে ২০ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘সিলেট অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী’সহ কয়েকটি সংগঠন সম্মিলিতভাবে মানববন্ধন করে। এ কর্মসূচির পর গতকাল আদিবাসী জনগোষ্ঠী সিলেটের কয়েকটি নাগরিক সংগঠনের নেতাদের পরিদর্শন উপলক্ষে চন্দনটিলা এলাকায় ‘জনসমাবেশ’ আয়োজন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটায় জনসমাবেশ শুরুর সময় ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বির সেখানে গিয়ে সমাবেশে অংশগ্রহণকারীদের নাম লিখে নিয়ে যান। তাঁকে দখলকারী হিসেবে না বলতে ‘নির্দেশ’ দিয়ে আসেন। এ খবর পেয়ে বিভিন্ন মাধ্যমের সাংবাদিকেরা বালুচরে রওনা করলে ইউপি চেয়ারম্যান মছব্বির, তাঁর ভাই আবদুল বশির একদল লোক নিয়ে চন্দনটিলায় আদিবাসী ওঁরাও পল্লিতে ঢোকার রাস্তায় অবস্থান নেন। এ সময় তাঁরা সমাবেশস্থলে ঢুকতে বাধা দেন।
এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পদক আবদুল করিম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য সিকান্দর আলীর নেতৃত্বে নাগরিক নেতাদের একটি প্রতিনিধিদল সেখানে যায়। ইউপি চেয়ারম্যান এ সময় তাঁদের মাইক ছাড়া জনসমাবেশ করতে নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আবদুল করিম বলেন, ওঁরাওদের সঙ্গে ঘরোয়া পরিসরে মতবিনিময় করার জন্য জনসমাবেশের আয়োজন করা হয়। বাধার মুখে পড়ায় এক ঘণ্টা পরে সমাবেশ হয়। ইউপি চেয়ারম্যান দাবি করেন, তাঁর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ মিথ্যা। এ কারণে তিনি ভূমিখেকো অপবাদ মেনে নিতে পারেননি। তিনি বলেন, ‘আমার ইউনিয়নে আমার বিরুদ্ধে প্রচারণা দেখে আমার পক্ষের কিছু লোক সেখানে গিয়েছিল। আমি তাঁদের ফিরিয়ে নিয়ে এসেছি।’ বালুচরের চন্দনটিলা এলাকায় ২০০ একর জায়গায় ছিল ওঁরাওদের বসবাস। তাঁদের এ বসবাস এখন নেই বললে চলে। শতাধিক পরিবারের মধ্যে অবস্থান করছে মাত্র নয়টি পরিবার। রথীন্দ্র ওঁরাও নামের প্রবীণ এক আদিবাসী পরিবারকে উচ্ছেদ করতে ইউপি চেয়ারম্যানের জায়গা দখল-তৎপরতা চলে বলে জনসমাবেশ থেকে জানানো হয়। ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জনসমাবেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য সিকান্দর আলী, হিউম্যান রাইটস ডিফেন্ডারের নুসরাত হাসিনা, নারী মুক্তি সিলেটের সভাপতি ইন্দ্রানী সেন বক্তব্য দেন।
সমাবেশের শুরুতেই কলেজপড়ুয়া এক মেয়ে দখল-তৎপরতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। একইভাবে প্রবীণ সমরা ওঁরাও জনসমাবেশে কেঁদে কেঁদে অস্তিত্ব রক্ষার জন্য সবার কাছে করজোড়ে সহায়তা চান। বাপার আবদুল করিমের সঞ্চালনায় জনসমাবেশ থেকে ওঁরাওদের ভূসম্পত্তি রক্ষায় ফারুক মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক ও আদিবাসী জনগোষ্ঠীর সদস্যসচিব লক্ষ্মীকান্ত সিংহকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে সমাবেশ থেকে জানানো হয়।