ওআইসি আলোচনার উদ্যোগ নিতে পারে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস দমনে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে মুসলিম বিশ্বের বিবদমান দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সংকট নিরসনে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান তিনি।
গণভবনে গতকাল বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওআইসি মহাসচিব ইয়াদ বিন আমিন মাদানি। এ সময় অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাইরের কারও হস্তক্ষেপ ছাড়াই মুসলিম বিশ্বের বিবাদপূর্ণ দলগুলোর সংকট নিরসনে ওআইসি আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে পারে।
বৈঠক শেষে আলোচ্য বিষয়ে সাংবাদিকদের অবগত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, বাইরের হস্তক্ষেপ ছাড়াই মুসলিম বিশ্বের দেশগুলো একত্র হয়ে নিজেদের সংকট নিরসনে আলোচনায় বসতে পারে বলে বৈঠকে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও মুসলিম বিশ্বের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং ওআইসি মহাসচিব। মানবাধিকারের বিষয়টিও এ সময় উঠে এলে শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলিরা নিরীহ নারী-শিশুদের হত্যা করলেও অতীতে দেখা গেছে কোনো মানবাধিকার সংস্থাই এ নিয়ে কথা বলেনি।