ওআইসি মহাসচিব ঢাকায়

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি তিন দিনের সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ওআইসির আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সংস্থার মহাসচিব বেশ কিছু দেশ সফর করবেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। ওআইসির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওআইসির মহাসচিব সংস্থাটির জন্য যে প্রকল্প ও উন্নয়ন সহযোগিতার কার্যক্রম নিয়েছেন সে সম্পর্কে সদস্য দেশগুলোকে অবহিত করার অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন।
আইয়াদ আমিন মাদানি এ সফরের সময় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরিদর্শনে যাবেন।