ইসলািম সম্মেলন সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়মিত সংলাপ, সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে আরও এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী৷
গতকাল সোমবার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিংয়ের আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, ব্রিফিংয়ে নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অবিচল সমর্থন দেওয়ায় মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের প্রতি পররাষ্ট্রমন্ত্রী কৃতজ্ঞতা জানান। ওআইসির সদস্য দেশের রাষ্ট্রদূতেরা বাংলাদেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের উন্নয়নে তাঁদের নিজ নিজ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা অর্জনের মতো একটি সঠিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্যায়নের জন্য সরকার গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন।
ওআইসির রাষ্ট্রদূতেরা মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের বিষয়টি তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম রাষ্ট্রদূতদের মুসলিম উম্মাহর পারস্পরিক চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপক্ষীয় এবং ওআইসি জোটভুক্ত হয়ে কাজ করার ব্যাপারে বাংলাদেশের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।