ওআইসির দেশগুলোয় সংহতি প্রতিষ্ঠার আহ্বান বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ন্যায়বিচার, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ১৩তম ইসলামিক শীর্ষ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গতকাল মঙ্গলবার এই আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা, ব্যাপক মানবিক সংকট, ইসলামভীতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দারিদ্র্য মুসলিমদের ক্ষতিগ্রস্ত করছে। মুসলিমরা অবিচার, অমর্যাদা ও বঞ্চনার শিকার। যদিও বিশ্বের এক-চতুর্থাংশের বেশি দেশ মুসলমানপ্রধান। বিশ্বের কৌশলগত উৎসগুলোও তাদের হাতে, তবু তাদের অবস্থান দুর্বল।
মন্ত্রী মাহমুদ আলী তাঁর বক্তব্যে ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের কথা উল্লেখ করে বলেন, ওই সম্মেলনে বঙ্গবন্ধু মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছিলেন। তিনি ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে সবার প্রতি আহ্বান জানান।