ওআইসির নতুন মহাসচিব আজ আসছেন
ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি চার দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। এ বছরের ১ জানুয়ারি ওআইসির দশম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে আমিন মাদানির প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ওআইসির মহাসচিবের সফরের তথ্য জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে ওআইসির সহযোগিতা জোরদার ও সম্প্রসারিত করাই সাবেক সৌদি মন্ত্রী আমিন মাদানির এ সফরের মূল লক্ষ্য।
আয়াদ আমিন মাদানি আগামীকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাঁদের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ সফরের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এ এম এ মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আমিন মাদানির সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এ ছাড়া তিনি কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।