ওআইসির মহাসচিব আসছেন কাল
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল-ওথাইমান চার দিনের সফরে কাল বুধবার ঢাকায় আসছেন। ৫৭-দেশের ইসলামি জোটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউসুফ বিন আহমাদের এটাই প্রথম ঢাকা সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওআইসির মহাসচিব আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি ওই দিন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশ সফরের সময় মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীদের সম্বন্ধে জানতে ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল-ওথাইমানের কক্সবাজার জেলার উখিয়ায় কুতুপালংয়ের শরণার্থীশিবির ও আশপাশের এলাকা ঘুরে দেখবেন। তিনি সেখানে গিয়ে মিয়ানমারের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাবেন। কক্সবাজার সফরে গিয়ে সেখানকার স্থানীয় প্রশাসন এবং মানবিক সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে তিনি পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।
আগামী বছর ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তাঁর এই সফরে ওআইসি সদর দপ্তরের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।