ওআইসির মহাসচিব কাল ঢাকায় আসছেন

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আয়াদ আমিন মাদানি চারদিনের সফরে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন। এ বছরের ১ জানুয়ারি ওআইসির ১০ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে আমিন মাদানির প্রথম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ওআইসি মহাসচিবের সফরের খবর জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে ওআইসির সহযোগিতা জোরদার ও সম্প্রসারিত করাই সাবেক সৌদি মন্ত্রী আমিন মাদানির এই সফরের মূল লক্ষ্য বলে জানা গেছে।
ওআইসি মহাসচিব আয়াদ আমিন মাদানি আগামী রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তাদের দপ্তরে সৌজন্য সাক্ষাত্ করবেন।
সফরের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আমিন মাদানির সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া তিনি কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখবেন।