ওআইসির মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশ সফররত ওআইসির মহাসচিব আয়াদ আমিন মাদানির গতকাল সোমবার বৈঠকের কোনো সময়সূচি নির্ধারিত ছিল না। তার পরও গতকাল সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার কর্মকর্তারা বিভিন্ন গণমাধ্যমকে মুঠোফোনে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর বাসভবনে বেলা দুইটায় ওআইসির মহাসচিবের বৈঠক হবে। ফলে এ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরে ওআইসির মহাসচিবের পূর্বনির্ধারিত কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কোনো সময় নির্ধারিত ছিল না। ফলে এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে ওআইসির মহাসচিবের সফর-সংশ্লিষ্টরা অবগত নন। তা ছাড়া খালেদা জিয়া এখন আর বিরোধীদলীয় নেতা নন।
জানতে চাইলে কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন বিএনপির এমন একজন নেতা প্রথম আলোকে বলেন, তিনিও এ বিষয়ে কিছু জানেন না।
তবে বিএনপির অপর একটি সূত্র জানায়, ওআইসির মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার একটি বৈঠক আয়োজনের জন্য বিএনপির কেন্দ্রীয় একজন নেতা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। তবে তাঁকে এ ব্যাপারে কিছু নিশ্চিত না করে বৈঠক অনুষ্ঠান সম্ভব হলে সোমবার বিকেলের মধ্যে জানানোর কথা বলা হয়েছিল বলে সূত্রটি দাবি করে।
এ বিষয়ে জানতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
অবশ্য গতকাল সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার যে কর্মকর্তা ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছিলেন, সন্ধ্যায় তিনি তা অস্বীকার করেন।