ওই জঙ্গিদের ধরতে অভিযান চালানো হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইজিপি শহীদুল হক l ফাইল ছবি
আইজিপি শহীদুল হক l ফাইল ছবি

গুলশানে রেস্তোরাঁয় যৌথ বাহিনীর অভিযানে নিহত জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশ অনেক চেষ্টা করেছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। গতকাল শনিবার রাত ১০টা ৫১ মিনিটে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তায় অভিযানে নিহত পাঁচ জঙ্গির নাম প্রকাশ করা হয়। তাঁরা হলেন আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন। তাঁদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
এর আগে রাত ১০টা ১৭ মিনিটে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স অস্ত্র হাতে পাঁচ তরুণের ছবি প্রকাশ করে। তবে কোনো নাম প্রকাশ করা হয়নি। কালো কাপড়ের ব্যানারের সামনে কালো পাঞ্জাবি পরা অস্ত্র হাতে দাঁড়ানো ওই পাঁচ তরুণ গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালান বলে সাইটের টুইটারে দাবি করা হয়।
বাংলাদেশের পুলিশ এবং ওই রেস্তোরাঁ থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের মতে, মোট সাতজন জঙ্গি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হলি বেকারিতে ঢুকে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করেন। ১২ ঘণ্টা পরে গতকাল সকালে যৌথ বাহিনীর অভিযানে ছয় সন্দেহভাজন জঙ্গি নিহত হন। একজনকে গ্রেপ্তার করা হয়।
জঙ্গিদের হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাজার সময় পুলিশের আইজি শহীদুল হক বলেন, ‘পাঁচজনের পরিচয় সুস্পষ্ট। এরা জঙ্গি। দেশের বিভিন্ন জায়গায় এদের গ্রেপ্তারের জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এরা সবাই বাংলাদেশি। আইএস তো সব সময় দায় স্বীকার করে। আমেরিকায় একটি ঘটনায় ৫০ জন মারা গেছে, সেখানেও আইএস দায় স্বীকার করেছে। দায় স্বীকারের লিংক খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’
গতকাল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, জঙ্গিদের এই দলকে ধরতে এক সপ্তাহ আগেও একটি অভিযান চালানো হয়েছিল। কিন্তু তা ব্যর্থ হয়। তাঁদের দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। একটা পর্যায়ে ভাবা হচ্ছিল, তাঁরা দেশ ছেড়ে চলে গেছেন। তিনিও তাঁদের পরিচয় প্রকাশ করতে চাননি।
এদিকে গতকাল রাতে ছয় জঙ্গির লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। রাত পর্যন্ত তাঁদের শনাক্ত করতে কেউ আসেনি। লাশগুলো মরচুয়ারিতে রাখা হয়েছে।
জীবিত অবস্থায় যে সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য রয়েছে। ওই সন্দেহভাজন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে অনলাইনে অনেকে পোস্ট লিখেছেন। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করছে।