ওই দুটি তরমুজে রাসায়নিক মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী ও মানিকগঞ্জের সাটুরিয়ায় তরমুজ খাওয়ার পর একজনের মৃত্যু ও কয়েকজনের অসুস্থতার কারণ ছিল ব্যাকটেরিয়ার সংক্রমণ। ওই দুটি তরমুজে কোনো রাসায়নিক ছিল না।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই দুটি তরমুজের নমুনা পরীক্ষা করে গতকাল সোমবার রাজধানীতে এক সভায় আনুষ্ঠানিকভাবে এ তথ্য দেয়। আইইডিসিআরের মিলনায়তনে প্রতিষ্ঠানটির পরিচালক মাহমুদুর রহমান বলেন, কুমারখালী ও সাটুরিয়ায় যে তরমুজ থেকে মৃত্যু ও অসুস্থতার অভিযোগ ওঠে, সেগুলোর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাতে ফরমালিন, অর্গানো ফসফরাস কমপাউন্ড, কৃত্রিম রং ও অর্গানো ক্লোরিন কম্পাউন্ডস পাওয়া যায়নি।
তরমুজের নমুনা পরীক্ষা করা হয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় নিরাপদ খাদ্য গবেষণাগারে। গত ১৯ এপ্রিল কুমারখালীতে একটি বড় তরমুজ ৩০ জন মিলে খায়। এটি খাওয়ার পর এক শিশু মারা যায় এবং অসুস্থ হয়ে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়। সাটুরিয়ায় যে ১১ জন তরমুজটি খায়, তাদের নয়জন অসুস্থ হয়। আইইডিসিআরের একটি দল আক্রান্তদের শরীর থেকে সিরাম ও মলমূত্রের নমুনা সংগ্রহ করে। আক্রান্তরা যে তরমুজ খেয়েছিল, সেটি ও তরমুজ বিক্রেতার কাছ থেকে একই সময়ে বিক্রির জন্য রাখা তরমুজের নমুনা সংগ্রহ করে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিষ্ঠানটি জানায়, ওই একজনের মৃত্যু ও ৩৪ জনের অসুস্থতার কারণ ব্যাকটেরিয়া।
মাহমুদুর রহমান জনসাধারণকে ফল ভালো করে ধুয়ে খাওয়া ও ফলের কোথাও ফাঁটা বা ছিদ্র ও দুর্গন্ধ আছে কি না তা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন।