'ওই দিকে যাবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট । আজ বেলা ১১টার দিকে নিউ মার্কেট এলাকার কাছের এই ভোট কেন্দ্রে ঢুকতেই পুলিশের বাধা, ঢোকা যাবে না। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও একই কথা। পুলিশের সঙ্গে যখন কথা চলছিল তখন সেখানে আসেন প্রিসাইডিং কর্মকর্তা। তিনি ঢুকতে দিলেন বটে কিন্তু বুথের দিকে যেতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা মনিউর রহমান বললেন, ওদিকে যাবেন না। অনেকটা জোর করেই ৪ নম্বর বুথের দিকে গেলে দেখা গেল ভেতরে ২০ থেকে ২৫ জন লোক। সবকটি বুথের ভেতরেই এমন লোকের জটলা। তবে বুথের বাইরে ভোটারদের কোনো লাইন নেই। বুথে নেই বিএনপি সমর্থক মগ প্রতীকের কোনো এজেন্টও। প্রতিটি বুথে আওয়ামী সমর্থক ইলিশ প্রতীকের পক্ষের এজেন্টদের পাওয়া গেছে।
ভেতরে এসব বহিরাগতদের বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার বলেন, ‘বুঝতেই পারছেন।’ তিনি জানান ‘এরই মধ্যে তিন থেকে চার শ ভোট গ্রহণ করা হয়েছে।’
তাঁর কাছে ঘন্টাওয়ারি ভোটের হিসেব চাইতে গেলে বলেন, ‘এভাবে ভোটের হিসেব করতে হয় তা আমার জানা ছিল না। আমি নতুন। তাই এ ধরনের কোনো তালিকা করিনি।’
ভোট কেন্দ্রের বাইরে গেলে ইলিশ মার্কার সমর্থক ছাড়া কাউকে দেখা যায়নি। কেন্দ্রের বাইরে ইকবাল হোসেন ও ইয়াসিন শেখ নামে দুজন ভোটার জানান, তাঁদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। বলা হয়েছে, ব্যালট শেষ হয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার বলেন, ‘ব্যালট শেষ হয়নি।’ তিনি সবাইকে গেটে সারি ধরে দাঁড়াতে বলেন।
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৮৬৫। এই ওয়ার্ডের বিএনপি সমর্থক কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বেশির ভাগ কেন্দ্রে আমার কোনো এজেন্ট নেই।’