অগভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ লিমিটেডের (ওভিএল) সঙ্গে দুটি উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সই করেছে পেট্রোবাংলা। তাদের সঙ্গে যৌথ অংশীদার হিসেবে আছে অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল) এবং বাংলাদেশের বাপেক্স।
গতকাল সোমবার বিকেলে পেট্রোসেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। এরপর ওভিএলের কর্মকর্তারা সংবাদ ব্রিফিংয়ে বলেন, ব্লক দুটিতে তেল-গ্যাস পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী। চুক্তির বিধান ও শর্ত অনুযায়ী তাঁরা ব্লক দুটিতে অনুসন্ধান শুরু করবেন।
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এর আগে শেষ চুক্তিটি হয়েছিল ২০১০ সালের নভেম্বরে। এদিকে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে ৭ নম্বর ব্লকের জন্য চুক্তি সই আবারও পিছিয়েছে। কনোকোর সঙ্গে কয়েকবার চুক্তি সইয়ের উদ্যোগের ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি চুক্তি সইয়ের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল। জ্বালানিসচিব মো. মোজাম্মেল হক খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘না, কনোকোর সঙ্গে ২৫ তারিখেও চুক্তি হচ্ছে না। এটা আরও পরে হবে।’
অবশ্য ২০১০ সালের নভেম্বরে গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকের জন্য কনোকোর সঙ্গে চুক্তি করা হয়েছিল। ব্লক দুটিতে কোম্পানিটি দ্বিমাত্রিক ভূকম্পন জরিপও করেছিল। কিন্তু তাতে বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য মজুত পাওয়া যায়নি বলে জানা গেছে। এর পর থেকে তাদের কার্যক্রমে অনুৎসাহ লক্ষ করা যাচ্ছে।
এ ছাড়া অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস ও সিঙ্গাপুরভিত্তিক ক্রিস এনার্জির সঙ্গেও অগভীর সমুদ্রে একটি ব্লকের জন্য পিএসসি সইয়ের বিষয় প্রক্রিয়াধীন।
দেশের সমুদ্রসীমায় আবিষ্কৃত একমাত্র গ্যাসক্ষেত্র ছিল সাঙ্গু, যেখান থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস তোলা হয়েছে। ক্ষেত্রটি থেকে উত্তোলন সর্বনিম্ন পর্যায়ে (দৈনিক ২০ লাখ ঘনফুট) নেমে যাওয়ায় গত অক্টোবরে ক্ষেত্রটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ক্ষেত্রটি থেকে ১৯৯৬ সালে উৎপাদন শুরু হয়েছিল।
জ্বালানিসচিবের সভাপতিত্বে গতকালের চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ সরন, ওভিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডি কে সরাব ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বক্তব্য দেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওভিএল ভারতের সরকারি-বেসরকারি নির্বিশেষে বৃহত্তম কোম্পানি। সে দেশের সাতটি বেসিনের মধ্যে ছয়টি থেকেই তারা তেল-গ্যাস আহরণ করে। এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অন্তত ১৮টি দেশে তারা তেল-গ্যাস অনুসন্ধানে নিয়োজিত।
গতকাল সই হওয়া চুক্তির অধীনে বাপেক্স ওই দুটি ব্লকে কাজে ১০ শতাংশের অংশীদার। তবে এ জন্য বাপেক্সকে কোনো বিনিয়োগ বা কাজ করতে হবে না। সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে যেকোনো কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হলে সেখানে বাপেক্সের ১০ শতাংশ অংশীদার থাকবে বলে পিএসসিতে বিধান রাখা হয়েছে।
চুক্তি দুটিতে সরকারের পক্ষে জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব খাদিজা নাজনীন, পেট্রোবাংলার সচিব ইমাম হোসেন, বাপেক্সের সচিব আবদুস সবুর, ওভিএলের মি. দুগল ও আইওএলের মি. হাজারিকা নিজ নিজ পক্ষে সই করেন।