অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) যন্ত্র নষ্ট হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। ফলে ওই ইউনিটের বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত এবং চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ওই পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত এবং চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পদ্ধতিতে পরীক্ষা হওয়া এমং ওএমআর যন্ত্র নষ্ট থাকায় ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। তাই ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কলা অনুষদের অধিকর্তা আবদুল হাই তালুকদার বলেন, শুক্রবার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ক্রটির কারণে উত্তরপত্র মূল্যায়ন করা সম্ভব হয়নি। ফলে পূর্বঘাষিত সময়সূচি অনুযায়ী ফলাফল ঘোষণার কথা বলা হলেও তা সম্ভব হচ্ছে না। এর কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে ওই বিভাগগুলোর লিখিত ও ব্যবহারিক উভয় পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd), সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে।