ওএমএস কার্যক্রম বন্ধের প্রভাব চালের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মানুষের জন্য চালু করা সরকারের খোলাবাজারে (ওএমএস) চাল-আটা বিক্রি কার্যক্রম ঠাকুরগাঁওয়ে বন্ধ হয়ে গেছে। এতে শ্রমজীবী ও হতদরিদ্র লোকজন বিপাকে পড়েছেন। খোলাবাজারে যে চাল ১৫ টাকা দরে কেনার সুযোগ ছিল, একই মানের চাল এখন তাঁদের ৯ থেকে ১০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।
গত ১৫ মে ঠাকুরগাঁওয়ের খোলাবাজারে চাল ও ৩ জুন আটা বিক্রি কার্যক্রম বন্ধ করে দেয় খাদ্য অধিদপ্তর।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার চলতি বছরের এপ্রিল মাসে সব জেলা শহরে ওএমএস কার্যক্রম চালু করে। শনিবার ছাড়া সপ্তাহের ছয় দিন খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ডিলাররা খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রি করেন। ঠাকুরগাঁও শহরের ২৪টি স্থানে ২৪ জন ডিলার এসব চাল ও আটা বিক্রি করতেন। এ জন্য প্রত্যেক ডিলারকে দৈনিক ৫০০ কেজি চাল ও আটা সরবরাহ করা হতো। এ ছাড়া জেলার প্রতিটি ইউনিয়নে একজন করে ও প্রতিটি উপজেলা সদরে একজন করে ডিলার কেজিপ্রতি চাল ১৫ টাকা ও আটা ১৭ টাকা দরে খোলাবাজারে বিক্রি করতেন।
শহরের হঠাৎপাড়ার রহিমা বেগম (৪৫) গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান। তিনি বলেন, বাড়ি বাড়ি কাজ করে তিনি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা আয় করেন, তা দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর। তাই তিনি নিয়মিত খোলাবাজার থেকে ১৫ টাকায় প্রতি কেজি চাল কিনতেন। এখন তা বন্ধ হয়ে যাওয়ায় ওই চাল ২৪-২৫ টাকায় কিনতে হচ্ছে। বাড়তি এ খরচ জোগাতে এখন তিনি হিমশিম খাচ্ছেন। বরুনাগাঁও গ্রামের দিনমজুর রমজান আলী বলেন, ‘আগত হামরা লাইনে (খোলাবাজারে) গিয়া এক কেজি চাল ১৫ টাকায় ও আটা ১৭ টাকায় কিনতাম। এলা ওই দোকানখান বন্ধ হয়ে গেইছে। এলা ওই চাল ২৪-২৫ টাকায় ও আটা ৩৩-৩৫ টাকায় কিনিবা হচে।’
ঠাকুরগাঁও পৌরসভার ওএমএস ডিলার আবদুল মান্নান বলেন, ‘গত ১৫ মে থেকে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম বন্ধ করে দেয় খাদ্য অধিদপ্তর। চাল বিক্রি বন্ধ থাকলেও খোলাবাজারে আটা বিক্রির কার্যক্রম চলছিল। কিন্তু ৩ জুন থেকে আটা বিক্রিও বন্ধ করে দেওয়া হয়। চাল-আটা বিক্রি কবে চালু করা হবে, এ খবর নিতে এলাকার অনেক গরিব তাঁর কাছে এসে খোঁজখবর নিচ্ছেন।’
গত বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি বাজার ঘুরে দেখা গেছে, ওএমএস কার্যক্রম বন্ধ হওয়ার আগে বাজারে প্রতি কেজি স্বর্ণগুটি চালের দাম ছিল ২২ টাকা। রমজানের শুরুতে তা বেড়ে ৩০ টাকা হয়েছে। একইভাবে ২০ টাকার গুটি হাইব্রিড ২৪ টাকা, ৩০ টাকার বিআর-২৮ (লতা নামে পরিচিত) ৩২ টাকা ও ৪০ টাকার মিনিকেট এখন ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্য সব চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা।
এ বিষয়ে কালিবাড়ি বাজারের চাল ব্যবসায়ী আবদুর রশিদ বলেন, ওএমএস ডিলারদের মাধ্যমে চাল বিক্রি করার সময় চালের বাজার অনেকটা নিয়ন্ত্রণে ছিল। সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকে স্থানীয় বাজারে চালের মূল্য কেজিপ্রতি পাঁচ-ছয় টাকা করে বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোছাব্বের হোসেন খান বলেন, অধিদপ্তরের সিদ্ধান্তেই ওএমএসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।