দেশের ৫৪টি জেলায় খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলারের সংখ্যা আরও পাঁচজন করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে গত বছর বোরো মৌসুমে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকার ইউনিয়নগুলোকেও ওএমএসের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।গতকাল বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে সরকারি গুদামে খাদ্যশস্য মজুদের পরিমাণ সন্তোষজনক। অন্যদিকে, বাজারে খাদ্যশস্যের দাম অস্থিতিশীল থাকার কারণে ওএমএসের চালের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এই অবস্থায় ৫৪ জেলায় ডিলারের সংখ্যা বাড়ানো এবং হাওর অঞ্চলের ইউনিয়নগুলোকে ওএমএসের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিভাগীয় শহর ও ঢাকা মহানগরসংলগ্ন জেলা শহর ব্যতীত দেশের ৫৪টি জেলায় ওএমএস চালু করা হয়। এর মধ্যে অপেক্ষাকৃত ছোট ৩৭টি জেলায় নয়জন করে এবং ১৭টি বড় জেলায় ১২ জন করে ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি করা হচ্ছিল। এখন ডিলারের সংখ্যা বাড়ানোর ফলে ৩৭টি জেলায় ১৪ জন করে এবং ১৭টি জেলায় ১৭ জন করে ডিলার ওএমএসের চাল বিক্রি করবেন। হাওর এলাকার ক্ষতিগ্রস্ত উপজেলা সদরে পাঁচজন করে ডিলার ছাড়াও উপজেলার বড় হাটবাজারে পাঁচজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল। এতে ওই এলাকার কোনো কোনো ইউনিয়ন ওএমএস কার্যক্রমের বাইরে ছিল। এখন হাওর এলাকার ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়ন এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।