ওএমএস চালুর পর রংপুরে কমেছে চালের দাম
রংপুরে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) প্রভাব পড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারে চালের দাম গড়ে দুই টাকা কমেছে। শহরের ১০টি স্থানে গত বুধবার থেকে ১০ জন ডিলারের মাধ্যমে ২৪ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। ওএমএসের চাল কিনতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার পৌরবাজারে গিয়ে দেখা যায়, যে চাল গত মঙ্গলবার ২৯ টাকায় বিক্রি হয়েছে, সেই চাল বিক্রি হচ্ছে ২৭ টাকা দরে। পৌরবাজারের চালের ব্যবসায়ী চান্দু মিয়া বলেন, ‘খোলাবাজারে চাল বিক্রি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম আরও কমে যাবে।’ খোলাবাজারে চাল বিক্রির বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, নিম্নবিত্ত পরিবারের লোকজনেরা ভিড় করছেন। কাছারিবাজারে চালের ডিলার সিরাজুল ইসলাম বলেন, ‘অন্যান্য স্থানের চেয়ে এ এলাকায় চাল বিক্রি কিছুটা কম। কেননা, এই এলাকাটিতে সব অফিস-আদালত পড়েছে।’ স্টেশনবাজারের ডিলার শামীম খান জানান, তাঁর এলাকায় গত দুদিনে চাল বিক্রিতে প্রচুর মানুষের ভিড় হয়েছে।দুদিন আগে বিআর-১১ জাতের চাল ২৯ টাকা দরে বিক্রি হয়েছে। গতকাল সে চাল ২৭ টাকায় বিক্রি করতে দেখা গেছে। বিআর-১৪ জাতের চাল আগে ছিল ৩৪ টাকা, এখন দুই টাকা কমে ৩২ টাকা হয়েছে।মিনিকেট চাল ৪২ টাকা, যা দুদিন আগে বিক্রি হয়েছে ৪৪ টাকায়। পাইজাম ৪৪ টাকা, দুদিন আগে ছিল ৪৭ টাকা। দুদিন আগে বিআর-২৮ ছিল ৩৭ টাকা, গতকাল ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক এ এস এম মোহসিন বলেন, সপ্তাহের মঙ্গল ও শুক্রবার বাদ দিয়ে পাঁচ দিন চাল বিক্রি করা হবে।