ওএমএস ডিলারের দোকান সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে খোলাবাজারের চাল অন্যত্র বিক্রির অভিযোগে দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ডিলারশিপ। গত সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পালং ইউনিয়নের ওএমএস ডিলার এনায়েত হোসেন খানের দোকান সিলগালা করেন।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, ৭ মার্চ সদর উপজেলার পালং ইউনিয়নে খোলাবাজারে ন্যায্য মূল্যে চাল বিক্রির জন্য এনায়েত হোসেন খানকে ডিলার নিয়োগ করা হয়। চাল বিতরণের উদ্দেশ্যে ১৩ মার্চ খাদ্যগুদাম থেকে তিন হাজার কেজি চাল তোলা হয়। ১৪ মার্চ উত্তোলন করা চাল পালং ইউনিয়নের কানার বাজারে সাধারণ মানুষের মধ্যে ২৪ টাকা কেজি দরে পাঁচ কেজি হারে বিক্রি করার কথা ছিল।ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে অন্যত্র চাল বিক্রির খবর পেয়ে সদর ইউএনও এ এইচ এম আবদুল করিম ডিলার পয়েন্টে অভিযান চালান। এ সময় দোকানে মজুদ ৯২৫ কেজি চাল এবং বিতরণ করা রেজিস্ট্রারে ৫৩ ব্যক্তির নামের অনুকূলে ২৬৫ কেজি চাল বিতরণ দেখতে পান। তখন এক হাজার ৮১০ কেজি চালের মজুদ না পেয়ে দোকান সিলগালা করে দেওয়া হয়।এনায়েত হোসেন খান বলেন, ‘আমি নতুন ডিলার, তাই নিয়মকানুন কম বুঝি। উত্তোলন করা সব চাল গুদামে তুলতে পারিনি। সময়ের স্বল্পতার কারণে আমার অন্য ঘরে চালগুলো রেখেছি। আমি কোনো অনিয়ম করিনি।’উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ বি এম আবদুল মান্নান বলেন, এনায়েত হোসেন খান নতুন ডিলার। প্রথম কিস্তি চাল উত্তোলন করেই তিনি অনিয়ম করেছেন।ইউএনও এ এইচ এম আবদুল করিম জানান, পালং ইউনিয়নের ওএমএস ডিলারের অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকান সিলগালা করা হয়েছে। জরুরি সভা করে ডিলারশিপ বাতিল এবং ঘাটতি চালের দ্বিগুণ পরিমাণ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।