ওএমএসে চাল ও আটার দাম কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা বাজারে (ওএমএস) চাল ও আটার দাম কমিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতি কেজি চালের দাম ২৪ থেকে কমিয়ে ২২ টাকা ও আটার কেজি ২০ থেকে কমিয়ে ১৯ টাকা করা হয়েছে। কাল মঙ্গলবার থেকে নতুন এ দামে চাল ও আটা বিক্রি করবে খাদ্য বিভাগ।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। দাম কমানোর ফলে বর্তমানে খুচরা বাজারে চাল-আটার দামের সঙ্গে ওএমএসের দামে প্রতি কেজিতে পার্থক্য দাঁড়াবে ১০ টাকা। এতে কালোবাজারি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্র বলেছে, খাদ্য মন্ত্রণালয় ওএমএস কার্যক্রম আরও বিস্তৃত করারও সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চাল এবং দেশের সব জেলায় আটা বিক্রি শুরু করবে। গতকাল রোববার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খাদ্য বিভাগ থেকে পাঠানো চাল ও গমের ওএমএস মূল্য কমানোর এবং সারা দেশে আটা বিক্রি শুরুর সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় থেকে চাল ও আটার নতুন দামের অনুমোদন দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। তবে এখনো এ বিষয়ে চিঠি আসেনি। চিঠি আমাদের কাছে এসে পৌঁছালে আমরা নতুন দামে চাল-আটা বিক্রি শুরু করব।’
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজারদর প্রতিবেদন অনুযায়ী, বাজারে এখন প্রতি কেজি মোটা চাল ৩২ থেকে ৩৪ টাকা এবং প্রতি কেজি আটা ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ওএমএসের দর এবং বাজারদরের মধ্যে প্রতি কেজি চাল ও আটায় ১০ থেকে ১২ টাকা পার্থক্য হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দামের এই বিপুল পার্থক্যের ফলে ওই দুটি খাদ্যপণ্য কালোবাজারে বিক্রি হতে পারে।
বেসরকারি গবেষণা সংস্থা পিপল অ্যান্ড পাওয়ার পার্টিসিপেটরি রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান চাল ও আটার বিক্রয়মূল্য কমানোর সিদ্ধান্তকে সন্দেহজনক মনে করেন। তিনি বলেন, ‘সাধারণত খাদ্যের দাম বেড়ে গেলে বা বাজারে সংকট হলে ওএমএস চালু করা হয়। বর্তমানে সে ধরনের কোনো কিছু দেখছি না। ফলে ধান-চাল সংগ্রহমূল্য বাড়িয়ে যে মাঠপর্যায়ে আমরা দুর্নীতি হতে দেখেছি, চাল ও আটার দাম কমিয়ে সেই একই ধরনের দুর্নীতি হয় কি না, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে খাদ্য বিভাগের মহাপরিচালক বলেন, ‘আমরা মূলত শ্রমঘন এলাকার গরিব মানুষদের জন্য এই চাল বিক্রি করব। এ ছাড়া প্রতিটি ওএমএস দোকানের সামনে খাদ্য বিভাগের পরিদর্শকেরা থাকবেন। ফলে কোনো কালোবাজারি হওয়ার আশঙ্কা নেই।’
খাদ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খাদ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৪০০ ময়দাকল মালিক সরকারের কাছ থেকে ১৬ টাকা কেজি দরে গম কিনে আটা বানিয়ে ১৯ টাকা কেজি দরে ওএমএসে বিক্রি করবেন। আর ১৮ টাকা ৫০ পয়সা কেজি দরে চাল কিনে ২০ টাকা কেজি দরে বিক্রি করবেন। ওএমএসের মাধ্যমে আটা বানিয়ে বিক্রির জন্য প্রতি মাসে ৪১ হাজার ৩১০ টন গমের নির্ধারিত বরাদ্দ রয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে আটা বিক্রির জন্য চলতি অর্থবছরে জাতীয় বাজেটে সাড়ে চার লাখ টন গমের বরাদ্দ রাখা ছিল। ব্রাজিলের নিম্নমানের গম নিয়ে বিতর্ক ওঠার পর থেকে খাদ্য বিভাগের আটা বিক্রিতে ভাটা পড়ে। চলতি অর্থবছরের ৩১ অক্টোবর পর্যন্ত ডিলাররা মাত্র ৪৮ হাজার ১৮৩ টন গম উত্তোলন করেন। সরকারি গুদামে এখনো চার লাখ টনের বেশি গমের মজুত রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক খাদ্যশস্য পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, গতকাল পর্যন্ত খাদ্য বিভাগের গুদামে মোট ১৬ লাখ টন চাল ও গম রয়েছে। এর মধ্যে ১২ লাখ ৩১ হাজার ৭৪৩ টন চাল ও ৩ লাখ ৭৪ হাজার টন গম। এর মধ্যে আগামী ১৫ ডিসেম্বর থেকে খাদ্য বিভাগ নতুন করে আমন মৌসুমের জন্য দুই লাখ টন চাল সংগ্রহ শুরু করবে।