ওএমএসের অধিকাংশ ডিলারই আওয়ামী লীগের নেতা-কর্মী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আটটি ইউনিয়নে শর্ত লঙ্ঘন করে ওএমএসের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র দুই ঘণ্টার মধ্যে নিয়োগ দেওয়া এসব ডিলারের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়নে ডিলার নিয়োগে উপজেলা খাদ্য কার্যালয় ২ মার্চ ১৩টি শর্ত দিয়ে আবেদনপত্র আহ্বান করে। আবেদনের শেষ সময় ছিল ৮ মার্চ বেলা তিনটা। ৩২ জন নিয়োগ পেতে আবেদন করেন।শর্তগুলোর মধ্যে প্রধান প্রধান কয়েকটি ছিল—আবেদনকারীকে প্রতিষ্ঠিত ব্যাবসায়ী হতে হবে, নিজস্ব অথবা ভাড়া বাসায় ব্যবসাপ্রতিষ্ঠান থাকতে হবে, দুই মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থাকতে হবে, আর্থিক সচ্ছলতার ব্যাংক সনদ জমা দিতে হবে।ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁরা সবাই এক সাংসদের নিকটজন। তাঁরা জানান, প্রভাবশালী মহল থেকে খাদ্য কার্যালয়ের কর্মকর্তাদের হাতে তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে, এ কারণে যাচাই-বাছাই না করেই ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। অবশ্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল জব্বার দাবি করেছেন, সময়-সল্পতার কারণে দ্রুত ডিলার নিয়োগ-প্রক্রিয়া শেষ করতে হয়েছে। পরে এগুলো যাচাই করা হচ্ছে।ডিলার নিয়োগ না পাওয়া একাধিক আবেদনকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ৮ মার্চ বেলা তিনটার মধ্যে তাঁরা সব কাগজপত্র জোগাড় করে আবেদনপত্র জমা দেন। পরদিন দেখতে পান, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী গুদাম থেকে মাল তুলছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ৮ মার্চই তাঁদের ডিলার নিয়োগ করে চিঠি দেওয়া হয়েছে। তাঁরা অভিযোগ করেন, যাঁদের ডিলার নিয়োগ করা হয়েছে, তাঁদের অধিকাংশই ব্যবসায়ী নন; কারও কারও ব্যবসাপ্রতিষ্ঠান নেই, নেই মাল রাখার গুদাম। তাঁরা জানান, নিয়োগ পাওয়া ব্যক্তিরা ওই দিনই ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে পরদিন চাল তুলেছেন।উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলেমাঠ বাজারে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে মহেশপুর শহরের হামিদপুর এলাকার মোক্তার হোসেনকে। বেলেমাঠ বাজারে তাঁর ঘর না থাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে তিনি চাল বিক্রি করছেন। ঘর না থাকায় দলীয় কার্যালয় থেকে চাল বিক্রির কথা স্বীকার করে মোক্তার হোসেন বলেন, সঠিকভাবে তিনি চাল বিক্রি করছেন।১৭ মার্চ সরেজমিনে দেখা গেছে, বাঁশবাড়িয়া ইউনিয়নের ডিলার আমিনুল ইসলাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিক্রি করছেন। ওই ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম কাদের জানান, ডিলারের (আমিনুল) বাড়ি অনেক দূরে হওয়ায় চাল বিক্রির কাজে তাঁরা সহযোগিতা করছেন। ফতেপুর ইউনিয়নের ডিলার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের শিশুতলা বাজারে একটি ঘর আছে, তবে তা আগে থেকেই ভাড়া দেওয়া। বর্তমানে তিনি সেই ঘরের সামনে চাল বিক্রি করছেন।পান্তাপাড়া ইউনিয়নে নিয়োগ পেয়েছেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কৃষক আবদুল জলিল মোল্লা। নেপা ইউনিয়নে নিয়োগ পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী। যাদবপুর ইউনিয়নের ডিলার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফি মল্লিক। স্বরূপপুর ইউনিয়নের ডিলার যুবলীগের কর্মী অহিদুল ইসলাম।এ ব্যাপারে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ময়জ উদ্দিন হামিদ জানান, নিয়োগ পাওয়া ডিলারদের অনেকে আওয়ামী লীগের নেতা-কর্মী হলেও তাঁদের নিয়োগ দেওয়ার বিষয়ে তাঁরা কোনো সুপারিশ করেননি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা কীভাবে তাঁদের নিয়োগ দিয়েছেন, তা তাঁর জানা নেই।এ ব্যাপারে ওএমএসের ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, ‘সময়-সল্পতার কারণে তড়িঘড়ি করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আর নিয়োগ পাওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ আমাদের নেই। তবে তাঁরা ব্যবসায়ী কি না, তা খোঁজ নিয়ে দেখব।’