ওএমএসের চাল না পেয়ে...
রংপুরে খোলাবাজারে (ওএমএস) চালের বেশ চাহিদা রয়েছে। কিন্তু অধিকাংশ ডিলারের চাল দুপুরের মধ্যেই বিক্রি হয়ে যাওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ চাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। আর ডিলাররা বলছেন, সরকারি নিয়ম অনুযায়ী খাদ্য কার্যালয় থেকে একজন ডিলারের প্রতিদিন চার টন করে চাল পাওয়ার কথা থাকলেও তাঁদের দেওয়া হচ্ছে তিন টন করে।গত শনিবার সরেজমিনে দেখা যায়, শহরের সিওবাজার, মেডিকেলের পূর্বগেট, মাহিগঞ্জ, রেলওয়ে স্টেশন, শাপলা মোড়ে খোলাবাজারে চাল কেনার জন্য মানুষের দীর্ঘ লাইন। দুপুরের পরপরই ডিলারদের চাল শেষ হয়ে যাওয়ায় লাইনে দাঁড়ানো অনেকেই চাল কিনতে পারেননি।খাদ্য কার্যালয় সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে ডিলারদের মাধ্যমে শহরের ১৫টি কেন্দ্রে চাল বিক্রি করা হচ্ছে। সিও বাজারের ডিলার আবুয়ালী বলেন, প্রথম কয়েক দিন চার টন করে চাল দেওয়া হলেও গত এক মাস থেকে তিন টন করে দেওয়া হচ্ছে। কিন্তু চালের চাহিদা রয়েছে। মেডিকেলের পূর্বগেটের ডিলার মতিয়ার রহমান বলেন, দুপুরের মধ্যেই চাল বিক্রি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সরকার চার টনের জায়গায় তিন টন করে দিচ্ছে।এক টন করে চাল কম দেওয়া প্রসঙ্গে রংপুর খাদ্য কার্যালয়ের খাদ্য নিয়ন্ত্রক এ এস এম মোহসিন বলেন, প্রত্যেক ডিলারের চার টন করে চাল বিক্রি না হওয়ায় তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে রংপুরে কার্তিকের অভাবের মাসে খোলাবাজার থেকে চাল কিনতে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে। মেডিকেলের পূর্বগেট এলাকায় চাল না পেয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় শমসের মিয়া বলেন, ‘বাজারে চালের দাম বেশি হওয়ায় এটে (এখান) থাকি চাউল কিনিয়া যামো। কিন্তু আসি দেখি, চাউল বেচা শেষ হয়া গেইছে।’ শুধু শমসেরই নন, এখান থেকে চাল না পেয়ে অনেককেই ফিরে যেতে দেখা গেছে। আর এমন চিত্র শহরের ১৫টি চাল বিক্রয়কেন্দ্রেরই। এসব কেন্দ্র থেকে প্রত্যেকের কাছে ২৪ টাকা কেজি দরে পাঁচ কেজি করে চাল বিক্রি করা হয়।