ওএমএসের চাল পাচারকালে খাদ্যনিয়ন্ত্রকসহ গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত রোববার রাতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দ প্রায় ২৭ মেট্রিক টন চাল পাচারকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ওএমএসের ডিলারসহ ১৩ জনকে আটক করেছে র্যাব। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার সকালে আদালতে পাঠায়। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প ও থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার ওএমএসের ডিলার সুজাউল ফারুক সরকার বেশ কিছুদিন ধরে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করে আসছিলেন। গত রোববার রাত ১১টার দিকে সুজাউল ফারুক পৌর এলাকার ঝিলপাড়ায় অবস্থিত তাঁর গুদাম থেকে সরকারি সিলমোহর করা ওএমএসের ৫৫০ বস্তা চাল অন্য বস্তায় ভরে পাচারের জন্য একটি ট্রাকে বোঝাই করছিলেন। চাল পাচারের জন্য আনা আরেকটি ট্রাক পাশেই ছিল। এ সময় খবর পেয়ে র্যাবের সদস্যরা ডিলার সুজাউল, তাঁর ছোট ভাই মনোয়ার হোসেন, ছেলে নিয়াজ মোর্শেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সামাদসহ ১৩ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে হাতনাতে আটক করেন। আটক অন্যরা হলেন তোফাজ্জল হোসেন, মোসলেম উদ্দিন, তয়জল শেখ, জায়দুল হক, মোসলেম মিয়া, বাদশা মিয়া, জোব্বার আলী, ফরিদুল ইসলাম ও আবদুর রাজ্জাক। র্যাবের সদস্যরা সুজাউলের গুদাম তল্লাশি করে ৫৭৬টি খালি বস্তা ও বস্তা সেলাইয়ের একটি যন্ত্র জব্দ করেন। র্যাবের সদস্যরা ৫৫০ বস্তা চাল, চাল পাচারের জন্য আনা দুটি ট্রাক এবং আটক ব্যক্তিদের গভীর রাতে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. এম আলমগীরের কাছ থেকে ফোনে খবর পেয়ে তিনি রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে যান। সেখানে তাঁর উপস্থিতিতেই আটক চালের তালিকা তৈরি করা হয় এবং পরে তা একটি বেসরকারি গুদামে সিলগালা করে রাখা হয়।আটক হওয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সামাদ জানান, চা পানের কথা বলে রাত ১০টার দিকে ডিলার সুজাউল ফারুক তাঁকে সেখানে ডেকে নেন। কিছুক্ষণ পর র্যাবের সদস্যরা এসে তাঁকে আটক করেন। চাল পাচারের ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চাল আটকের পর র্যাব-৫ এর উপসহকারী পরিচালক মো. সিদ্দিকুর রহমান গোবিন্দগঞ্জ থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে গাইবান্ধা বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।