ওএমএসের চাল পাচারের চেষ্টা, ডিলারের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার তাহেরপুরে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ছয় বস্তা চাল পাচারের সময় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওএমএসের এক ডিলারকে আটক করলেও পরে ছেড়ে দেয়। জনতা ওই ডিলারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। গত বুধবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার তাহেরপুর পৌরসভার ওএমএস ডিলার স্বপন কুমার তাঁর দোকান থেকে ছয় বস্তা চাল একটি ভ্যানে করে কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি তাহেরপুর কলেজ মোড়ে পৌঁছালে লোকজনের সন্দেহ হয়। তারা ভ্যান আটকে বস্তার গায়ে সরকারি সিলমোহর দেখতে পেয়ে চালককে চ্যালেঞ্জ করে। ভ্যানচালক তাদের জানান, ডিলার স্বপন কুমারের ঘর থেকে চাল বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, খবর পেয়ে তাহেরপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম পুলিশ নিয়ে সেখানে এসে ছয় বস্তা চাল উদ্ধার করেন এবং ভ্যানচালককে আটক করে নিয়ে যান। পরে ডিলার স্বপন কুমার পুলিশ ক্যাম্পে এলে তাঁকে আটক রাখা হয়। শেষে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জিম্মায় স্বপন কুমারকে ছেড়ে দেওয়া হয়। এদিকে এ ঘটনা জানার পর ওই রাতেই স্থানীয় লোকজন তাহেরপুর বাজারে ডিলারের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে। খবর পেয়ে রাত সাড়ে নয়টায় র‌্যাব, পুলিশ, খাদ্যনিয়ন্ত্রক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, উদ্ধার করা চাল ওএমএসের নয় বলে দাবি করায় ডিলার স্বপন কুমারকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল হান্নান জানান, বিক্রি শেষে ডিলার স্বপন কুমারের গুদামে যে পরিমাণ চাল থাকার কথা তা রয়েছে।