ওএমএসের চালসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের টাইগারপাস এলাকার রেলওয়ে কলোনির একটি বাসা থেকে খোলাবাজারে বিক্রির (ওএমএস) এক হাজার ২৫০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন দিন ধরে অভিযান চালিয়ে ডিলারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডিলারের নাম মোহাম্মদ জাহাঙ্গীর। তাঁকে গত সোমবার নগরের মাঝিরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন গত রোববার টাইগারপাস রেলওয়ে কলোনির একটি বাসা থেকে চালসহ গ্রেপ্তার করা হয় মোহাম্মদ মাসুদকে। কালোবাজারে বিক্রির জন্য চালগুলো রেলওয়ে কলোনির বাসায় মজুদ রাখা হয় বলে পুলিশ জানায়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীর সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করে দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাঁর সহযোগী মাসুদকে চালসহ প্রথমে গ্রেপ্তার করি। পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আতিক উল্লাহ। দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।