ওএমএসের চালে দুর্গন্ধ প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে খোলাবাজারে চাল বিক্রি কর্মসূচির (ওএমএস) আওতায় খাওয়ার অযোগ্য নিম্নমানের চাল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিছু কিছু চাল থেকে দুর্গন্ধও বের হচ্ছে৷ এ কারণে যাঁদের জন্য এই কার্যক্রম, সেই দরিদ্রদের কোনো উপকার হচ্ছে না৷ ওএমএসে খাওয়ার অযোগ্য চাল বিক্রির প্রতিবাদে গতকাল শুক্রবার ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকায় মানববন্ধন করেছেন ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষ। এ সময় ওএমএসের চাল সড়কে ফেলে দিয়ে এর প্রতিবাদ জানানো হয়।
ইসলামনগরের বাসিন্দা মো. আসলাম গতকাল বেলা ১১টার দিকে রোড বাজারে যাচ্ছিলেন। সড়কের পাশে ওএমএসের নিম্নমানের চাল বিক্রির প্রতিবাদ কর্মসূচি দেখে দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেই মানববন্ধনের সারিতে যোগ দেন। পরে তিনি বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। কম দামে ওএমএসের দোকান থেকে চাল কিনে খাই। দুই-তিন দিন আগে ১০ নম্বর ওয়ার্ডের এক ডিলারের কাছে চাল কিনতে গেলে বিক্রেতা আমাকে দেখে বলেন, এ চাল আপনাকে দেওয়া যাবে না। চালে খুবই দুর্গন্ধ।’ পরে আমি বেশি দামে বস্তার চাল কিনে নেই।
ঠাকুরগাঁও রোড এলাকার ইজিবাইক চালিয়ে সংসার চালান বেলাল হোসেন। ১১ নম্বর ওয়ার্ডের ওএমএসের এক ডিলারের কাছ থেকে গত সোমবার তিনি পাঁচ কেজি চাল কেনেন। কিন্তু রান্নার পর সে চালের ভাত আর খেতে পারেননি। তিনি বলেন, ‘আমরা গরিব হলেও মানুষ। যে চাল গরু-ছাগলের খাওয়ার যোগ্য, সে চাল ওএমএসের দোকানে কেন বিক্রি করা হবে?’
ফকিরপাড়া মহল্লার বাসিন্দা সাহেনুর বেগম বলেন, ‘আমার পরিবারে নয়জন সদস্য। কম আয়ের কারণে ওএমএসের চালের ওপর ভরসা করতে হয়। কিন্তু কয়েক দিন ধরে ওএমএসের চালের ভাত থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খেতে খুবই কষ্ট হচ্ছে। রেখে দিলে অল্প সময়ের মধ্যে ভাত থেকে পানি বের হয়ে যাচ্ছে।’
১০ নম্বর ওয়ার্ডের ওএমএসের ডিলার আবদুল লতিফ দাবি করেন, তাঁরা ওএমএসের মাধ্যমে যেসব চাল বিক্রি করছেন, তার মান ঠিক আছে। তবে অনেক সময় সরকারি গুদামের ভিন্নতা ওপর চালের মান নির্ভর করে।
খাদ্য বিভাগের ঠাকুরগাঁও সদর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) এস এম গোলাম মোস্তফা দাবি করেন, ‘আমরা সব সময় চালকলের মালিকদের কাছ থেকে মানসম্মত চালটা কিনে থাকি। আমাদের সরবরাহ করা চাল কখনোই নিম্নমানের হতে পারে না। এর মধ্যে অন্য কোনো ঘটনা থাকতে পারে।’
সদর উপজেলার রুহিয়া খাদ্যগুদামের ওসি-এলএসডি মো. আবদুল্লাহ আরেফিন বলেন, ওএমএসের ডিলাররা গুদাম থেকে চাল তুলে নিয়ে গিয়ে তা বদল করে ক্রেতাদের কাছে নিম্নমানের চাল বিক্রি করতেও পারেন।
ওএমএসে নিম্নমানের চাল বিক্রি সম্পর্কে ১১ নম্বর ওয়ার্ডের ডিলার মো. হুমায়ুন বলেন, ‘এসব চাল দেখে নিজেরই খারাপ লাগছে। ওএমএসের আওতায় গরিব লোকজনকে এমন চাল খাওয়ানো ঠিক নয়। আমরা সব সময় গুদাম থেকে ভালো চালটা এনে বিক্রি করতে চেষ্টা করি।’ তবে গুদাম থেকে ভালো চাল তুলে ওএমএসে নিম্নমানের চাল বিক্রির অভিযোগ অস্বীকার করেন তিনি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাফিজুর রহমান বলেন, ওএমএসের চালে দুর্গন্ধ থাকার কথা নয়। কী কারণে এমনটি ঘটল, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকে পৌর এলাকায় ওএমএস কার্যক্রম শুরু হয়। পৌর এলাকায় ওএমএসের চাল বিক্রির জন্য ২৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়। এসব ডিলার প্রতিদিন দেড় হাজার কেজি চাল সরকারি খাদ্যগুদাম থেকে তুলে নিজ বিক্রয়কেন্দ্রে ১৫ টাকা কেজি দরে বিক্রি করবেন৷ শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিক্রির নিয়ম রয়েছে।