ওএমএসের চালের কেজি ২০ টাকা করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলাবাজারে (ওএমএস) ও ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইস) কার্ডের মাধ্যমে বিতরণ করা চালের দাম প্রতি কেজি ২৪ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করার সুপারিশ করেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে কমিটির সদস্যরা বলেন, মূলত নিম্ন আয়ের মানুষ ওএমএস ও ন্যায্যমূল্যে চাল কেনে। এদের কেনার ক্ষমতাও কম। এ জন্যই কমিটি চালের দাম কমানোর সুপারিশ করেছে। একই সঙ্গে হতদরিদ্র তালিকাভুক্ত ৭৭ লাখ ন্যায্যমূল্যের কার্ডধারীর নামের তালিকা নতুন করে যাচাই করে অনুপযুক্ত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।সংসদ সচিবালয় জানায়, কমিটি কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে বলেছে। মন্ত্রণালয় দু-এক দিনের মধ্যে এ বিষয়ে আলোচনা করবে বলে কমিটিকে জানিয়েছে।কমিটির সভাপতি ছায়েদুল হক বৈঠকে সভাপতিত্ব করেন।