ওএমএসের চালের ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। প্রচার কম থাকায় ক্রেতাও ছিল কম। ছবিটি গতকাল যশোর শহরের কাজিপাড়া আবদুল আজিজ সড়ক থেকে বেলা ১১টায় তোলা l এহসান-উদ-দৌলা
খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। প্রচার কম থাকায় ক্রেতাও ছিল কম। ছবিটি গতকাল যশোর শহরের কাজিপাড়া আবদুল আজিজ সড়ক থেকে বেলা ১১টায় তোলা l এহসান-উদ-দৌলা

দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার থেকে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু প্রচার না থাকা এবং আতপ চাল বিক্রির কারণে প্রথম দিন ক্রেতাদের ভিড় কম ছিল।

খোলাবাজারে প্রতি কেজি চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা একসঙ্গে পাঁচ কেজি চাল নিতে পারবেন। আর প্রত্যেক ডিলার প্রতিদিন এক টন করে চাল পাবেন।

ময়মনসিংহে গতকাল ক্রেতার সংখ্যা কম ছিল। প্রচার না থাকা এবং আতপ চাল বিক্রির কারণে ক্রেতা কম ছিল বলে ডিলাররা জানিয়েছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, শহরের ১০টি এলাকায় খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। এলাকাগুলো হচ্ছে সানকিপাড়া শেষ মোড়, নতুন বাজার, কলেজ রোড, কাঁচিঝুলি, নওমহল, কৃষ্টপুর, বাঘমারা, কেওয়াটখালী, বড় মসজিদ রোড ও খাকডহর।

শহরের নওমহল, কাঁচিঝুলি ও সানকিপাড়া বিক্রয় কেন্দ্রে গতকাল কয়েকবার ঘুরে দেখা যায়, ক্রেতার উপস্থিতি কম। ডিলার ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে বাজারে মোটা চালের দাম ৫০ টাকা কেজি। ওএমএসের চাল ৩০ টাকা কেজি হলেও মানুষ তা কিনতে আগ্রহী নয়। বেলা ১১টার দিকে কাঁচিঝুলির বিক্রয় কেন্দ্রে মো. শামীম নামের একজন ক্রেতা বলেন, ‘আতপ চালের ভাত আমরা খেতে পারি না। কিন্তু সস্তায় পাওয়ার কারণে কিনতে এসেছি। সেদ্ধ চাল দিলেও ভালো হতো।’ বিকেলে পৌনে চারটায় কাঁচিঝুলিতে দেখা যায়, মাত্র নয়জন ক্রেতা চাল কিনেছেন।

রংপুর শহরেও গতকাল ওএমএসের চাল কিনতে লোকজনের ভিড় খুব একটা দেখা যায়নি। জেলা খাদ্য বিভাগ কার্যালয়ের পক্ষ থেকে নগরের ১৫টি স্থানে চাল বিক্রি হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক শাহজাহান ভুঁইয়া প্রথম আলোকে বলেন, প্রথম দিন হওয়ায় তেমন একটা প্রচার ছিল না। তাই ভিড় ছিল না। তবে তথ্য অফিসের গাড়ি দিয়ে প্রচার চালানো হবে।

জয়পুরহাট পৌর এলাকায়ও গতকাল থেকে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। পৌর সদরের নতুন হাট এলাকার ডিলার আবদুর রহিম বলেন, প্রচার না থাকায় ক্রেতাদের তেমন ভিড় নেই। তবে বেশি সময় ধরে দোকান খোলা রাখায় সব চালই বিক্রি হয়েছে।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর; ময়মনসিংহ অফিস ও জয়পুরহাট প্রতিনিধি]