রাজধানীর কারওয়ান বাজারের চারটি প্রতিষ্ঠানের গুদাম থেকে গতকাল রোববার প্রায় তিন হাজার বস্তা সরকারি চাল ও গম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় খাদ্য অধিদপ্তরের এক গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, এগুলো খোলাবাজারে বিক্রির জন্য (ওএমএস)। অপরদিকে গ্রেপ্তার হওয়া একজন জানিয়েছেন, উদ্ধার করা চালের কিছু অংশ রেশনের (সামরিক বাহিনী ও বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য) চাল। গ্রেপ্তারকৃতরা হলেন খাদ্য অধিদপ্তর টাঙ্গাইলের গাড়িচালক মোস্তাফিজুর রহমান ও এসএন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। চালের বস্তাগুলোর একটি অংশ টাঙ্গাইলের সরকারি গুদাম থেকে এসেছে বলে জানিয়েছে র্যাব।র্যাব-২-এর মেজর এরশাদুল হকের নেতৃত্বে একটি দল গতকাল দুপুর থেকে অভিযান শুরু করে। এ সময় পূর্ব তেজতুরী বাজার ও রেলওয়ে মার্কেটের এসএন এন্টারপ্রাইজ, শফিক এন্টারপ্রাইজ, এইচএম এন্টারপ্রাইজ ও ফেয়ার ট্রেডার্সের মোট নয়টি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। প্রথমে এসএন এন্টারপ্রাইজের একটি গুদাম থেকে ২০০ বস্তা, পরে একই প্রতিষ্ঠানের আরও দুটি গুদাম থেকে প্রায় ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়। একটু পরেই পাশের শফিক এন্টারপ্রাইজের গুদামে আরও প্রায় ৬০০ বস্তা চাল পাওয়া যায়। এভাবে একের পর এক গুদাম খুলতেই বেরিয়ে আসে সরকারি মনোগ্রামসহ চালের বস্তা। এ চারটি প্রতিষ্ঠানের কোনোটিরই মালিককে পাওয়া যায়নি।মেজর এরশাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা কারওয়ান বাজারে অভিযান শুরু করেন। প্রথমে এসএন এন্টারপ্রাইজ থেকে গ্রেপ্তার করা হয় ব্যবস্থাপক জাহাঙ্গীরকে। একটু পরেই ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় মোস্তাফিজুরকে। তিনি জানান, খোলাবাজারে বিক্রির এ চালগুলো অবৈধভাবে এনে বিক্রি করছিল এ প্রতিষ্ঠানগুলো। গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা চালগুলোর এক অংশ রেশনের। গত সপ্তাহে পিলখানা (বিজিবি) থেকে নয় টন রেশনের চাল আসে। এগুলোর কাগজপত্রও রয়েছে। এরপর এ সপ্তাহেও আরও ১০ টন চাল এসেছে। তবে এগুলো কোত্থেকে এসেছে, তা তিনি জানেন না। মালিক তাঁকে বলেছেন, চালগুলো নামিয়ে রাখতে, তিনি তা গুদামজাত করেছেন। সরকারি বস্তা পাল্টে সাধারণ বস্তায় চাল ঢোকানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, সরকারি সিল মারা বস্তা সাধারণ মানুষ কিনতে চায় না। তাই এগুলো সাধারণ বস্তায় ঢোকানো হচ্ছে। এরপর র্যাব একে একে অন্য প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায়। এর মধ্যে ফেয়ার এন্টারপ্রাইজের হিসাব খাতায় চাল তোলা ও বিক্রির হিসাবে খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট তদারককারী কর্মকর্তার স্বাক্ষর পাওয়া যায়, পাওয়া যায় ডিও লেটারও। খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক শায়মা আক্তার জানান, ফেয়ার ও এইচএম তাঁর অঞ্চলের মধ্যে পড়েছে। তবে গত শনিবারের হিসাব অনুযায়ী এ প্রতিষ্ঠান দুটিতে চালের মজুদ শূন্য থাকার কথা।